বিশ্বকাপের আগে ঘরের মাঠে আর্জেন্টিনার শেষ ম্যাচের সূচিতে পরিবর্তন

লালসবুজ ডেস্ক

প্রকাশ: ৩১ মার্চ ২০২৬, ০২:২৭ পিএম

বিশ্বকাপ শিরোপা ধরে রাখার অভিযানে নামার আগে ঘরের মাঠে নিজেদের শেষ প্রস্তুতি ম্যাচের সূচিতে সামান্য পরিবর্তন এনেছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। যদিও ম্যাচের দিন অপরিবর্তিত রয়েছে, তবে নির্ধারিত সময়ের তুলনায় ১৫ মিনিট পিছিয়ে দেয়া হয়েছে ম্যাচের কিক-অফ সময়।

মঙ্গলবার (৩১ মার্চ) জাম্বিয়ার বিপক্ষে বুয়েনস আইরেসের ঐতিহ্যবাহী লা বোমবোনেরা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এই প্রীতি ম্যাচ। আগে নির্ধারিত সময় ছিল স্থানীয় সময় রাত সোয়া আটটা, তবে নতুন সূচি অনুযায়ী ম্যাচটি শুরু হবে রাত সাড়ে আটটায়। এর ফলে বাংলাদেশ সময় অনুযায়ী ম্যাচটি শুরু হবে বুধবার ভোর সাড়ে পাঁচটায়।

সোমবার এক সংবাদ সম্মেলনে আর্জেন্টিনার প্রধান কোচ লিওনেল স্কালোনি সময় পরিবর্তনের বিষয়টি নিশ্চিত করেন। যদিও নির্দিষ্ট কারণ উল্লেখ করা হয়নি, তবে ধারণা করা হচ্ছে কর্মদিবসে দর্শকদের স্টেডিয়ামে উপস্থিতি সহজ করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এই ম্যাচে আর্জেন্টিনার আক্রমণভাগে নেতৃত্ব দেবেন দলের মহাতারকা লিওনেল মেসি গত শুক্রবার মৌরিতানিয়ার বিপক্ষে ম্যাচে তিনি শুরুর একাদশে ছিলেন না, তবে এবার পূর্ণ শক্তির দল নিয়ে মাঠে নামার ইঙ্গিত দিয়েছেন কোচ স্কালোনি। তিনি জানিয়েছেন, জাম্বিয়ার বিপক্ষে ম্যাচটিই তাদের জন্য বিশ্বকাপের আগে চূড়ান্ত মহড়া এবং এখানে সেরা খেলোয়াড়দেরই ব্যবহার করা হবে।

মেসির ভবিষ্যৎ নিয়েও ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন স্কালোনি। ৩৮ বছর বয়সী এই তারকা আনুষ্ঠানিকভাবে পরবর্তী বিশ্বকাপে খেলার ঘোষণা না দিলেও দলের সঙ্গে নিয়মিত আছেন এবং বাছাইপর্বে সক্রিয় ভূমিকা রেখেছেন। স্কালোনির মতে, মেসি এখনো খেলাটা উপভোগ করছেন এবং দল চায় তিনি যেন এই মুহূর্তগুলো উপভোগ করতে পারেন। অনেকের মতে, এটি মেসির শেষ বিশ্বকাপও হতে পারে।

গত ম্যাচে দলের পারফরম্যান্স নিয়ে কিছুটা অসন্তোষ প্রকাশ করে স্কালোনি বলেন, মৌরিতানিয়ার বিপক্ষে জয় পেলেও পারফরম্যান্স প্রত্যাশা অনুযায়ী ছিল না। তাই জাম্বিয়ার বিপক্ষে তিনি তার সেরা একাদশকেই মাঠে নামাতে চান এবং পারফরম্যান্সের ধারাবাহিকতা বজায় রাখার ওপর গুরুত্ব দিচ্ছেন।

এদিকে বিশ্বকাপকে সামনে রেখে ইতোমধ্যে ৫৫ সদস্যের প্রাথমিক দল জমা দেওয়া হয়েছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের কাছে। কোচের ভাষ্যমতে, চূড়ান্ত ২৬ সদস্যের দল মে মাসের শেষে ঘোষণা করা হবে। তিনি জানান, সম্ভাব্য স্কোয়াড নিয়ে তার পরিষ্কার ধারণা রয়েছে এবং একটি ভারসাম্যপূর্ণ ও শক্তিশালী দল নিয়েই তারা বিশ্বকাপে যেতে চান।

জাম্বিয়ার বিপক্ষে এই ম্যাচটিকে স্কালোনি তার দলের শক্তি যাচাইয়ের শেষ সুযোগ হিসেবে দেখছেন। এই ম্যাচের পারফরম্যান্সের ওপর ভিত্তি করেই নির্ধারণ করা হবে বিশ্বকাপে আর্জেন্টিনার চূড়ান্ত কৌশল।

সময়সূচিতে পরিবর্তন এলেও ম্যাচটি ঘিরে সমর্থকদের আগ্রহে কোনো ভাটা পড়েনি। লা বোম্বোনেরা স্টেডিয়ামে মেসিদের ঘরের মাঠের এই শেষ ম্যাচ উপলক্ষে বিশেষ আয়োজন রাখা হয়েছে। টিকিটের দাম অপরিবর্তিত রাখা হয়েছে এবং দর্শকদের জন্য বাড়তি বিনোদনের ব্যবস্থাও রাখা হয়েছে, যা ম্যাচটিকে আরও উৎসবমুখর করে তুলবে।