লালসবুজ ডেস্ক
প্রকাশ: ১৬ জুন ২০২৬, ০১:৫৮ পিএম
দেশের বাজারে সর্বশেষ সমন্বয়ের পর আবারও বেড়েছে সোনা ও রুপার দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) নির্ধারিত নতুন মূল্য অনুযায়ী মঙ্গলবার (১৬ জুন) থেকে বর্ধিত দামে সোনা ও রুপা বিক্রি হচ্ছে।
গত ১৩ জুন এক বিজ্ঞপ্তিতে বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবি সোনা ও রুপার দাম বৃদ্ধির কারণে নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে। সে অনুযায়ী প্রতি ভরি সোনার দাম ৬ হাজার ৫৯০ টাকা এবং রুপার দাম ২৯১ টাকা বাড়ানো হয়। নতুন দর সেদিন সকাল ১০টা থেকে কার্যকর হয়।
নতুন মূল্য অনুযায়ী, প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) বাইশ ক্যারেট সোনা বিক্রি হচ্ছে ২ লাখ ২৪ হাজার ৯৪০ টাকায়। একুশ ক্যারেট সোনার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ১৪ হাজার ৭৩৪ টাকা, আঠারো ক্যারেট সোনা ১ লাখ ৮৪ হাজার ৫৮ টাকা এবং সনাতন পদ্ধতির সোনা ১ লাখ ৪৯ হাজার ৮৮২ টাকায়।
এর আগে গত ১১ জুন সোনার দাম কমিয়েছিল বাজুস। তখন বাইশ ক্যারেট সোনার প্রতি ভরি দাম ৪ হাজার ৪৩২ টাকা কমিয়ে ২ লাখ ১৮ হাজার ৩৫০ টাকা নির্ধারণ করা হয়েছিল। একই সময়ে একুশ ক্যারেট সোনা ২ লাখ ৮ হাজার ৪৩৬ টাকা, আঠারো ক্যারেট সোনা ১ লাখ ৭৮ হাজার ৬৯২ টাকা এবং সনাতন পদ্ধতির সোনা ১ লাখ ৪৫ হাজার ৫০৮ টাকায় বিক্রি হয়েছিল।
সোনার পাশাপাশি রুপার দামও বৃদ্ধি পেয়েছে। বর্তমানে বাইশ ক্যারেট রুপা প্রতি ভরি বিক্রি হচ্ছে ৫ হাজার ১৩২ টাকায়। একুশ ক্যারেট রুপা ৪ হাজার ৮৯৯ টাকা, আঠারো ক্যারেট রুপা ৪ হাজার ১৯৯ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা ৩ হাজার ১৪৯ টাকায় বেচাকেনা হচ্ছে।
বাজুসের তথ্য অনুযায়ী, চলতি বছরে এখন পর্যন্ত সোনার দাম ৭৪ বার সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ৩৮ বার দাম বেড়েছে এবং ৩৬ বার কমেছে। অন্যদিকে রুপার দাম সমন্বয় করা হয়েছে ৪৫ বার, যার মধ্যে ২৩ বার বেড়েছে এবং ২২ বার কমেছে।
বাজার বিশ্লেষকদের মতে, আন্তর্জাতিক বাজারে মূল্যবান ধাতুর দামের ওঠানামা এবং স্থানীয় বাজারে কাঁচামালের মূল্যবৃদ্ধির প্রভাবেই দেশের বাজারে সোনা ও রুপার দাম বারবার সমন্বয় করা হচ্ছে।