লালসবুজ ডেস্ক
প্রকাশ: ২৯ জুন ২০২৬, ১২:৩১ পিএম
দেশের বাজারে আবারও বড় ব্যবধানে সোনার দাম কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি ভরিতে ৩ হাজার ২৬৬ টাকা কমিয়ে ভ্যাটসহ ২২ ক্যারেট সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৫ হাজার ২৯০ টাকা।
সোমবার সকালে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। নতুন মূল্যতালিকা একই দিন সকাল ১০টা থেকে দেশের সব স্বর্ণালয়ে কার্যকর হয়েছে।
সমিতির পক্ষ থেকে জানানো হয়েছে, স্থানীয় বাজারে খাঁটি সোনার দাম কমে যাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে।
নতুন তালিকা অনুযায়ী, প্রতি ভরি ২২ ক্যারেট সোনার দাম ২ লাখ ২৫ হাজার ২৯০ টাকা, ২১ ক্যারেট ২ লাখ ১৫ হাজার ১৪২ টাকা, ১৮ ক্যারেট ১ লাখ ৮৪ হাজার ৭৫৮ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার দাম ১ লাখ ৫০ হাজার ৯৩২ টাকা নির্ধারণ করা হয়েছে।
পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত এই মূল্য বহাল থাকবে বলে জানানো হয়েছে। তবে অলঙ্কারের নকশা অনুযায়ী মজুরি যোগ হবে। বিক্রয়মূল্যের সঙ্গে ভ্যাট অন্তর্ভুক্ত থাকায় ক্রেতাদের কাছ থেকে আলাদাভাবে ভ্যাট নেওয়া যাবে না। অলঙ্কার বিনিময় ও ক্রয়ের ক্ষেত্রে আগের নিয়মই বহাল থাকবে। রুপার অলঙ্কারের ভ্যাট বিষয়ে শিগগিরই সিদ্ধান্ত জানানো হবে।
এর আগে গত ২৭ জুন প্রতি ভরিতে ৫ হাজার ৪৮২ টাকা বাড়িয়ে ২২ ক্যারেট সোনার দাম ২ লাখ ২৮ হাজার ৫৫৬ টাকা নির্ধারণ করা হয়েছিল।
চলতি বছরে এখন পর্যন্ত দেশে সোনার দাম ৮৩ বার সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ৪১ বার দাম বেড়েছে, ৪১ বার কমেছে এবং একবার ভ্যাট সমন্বয় করা হয়েছে। ২০২৫ সালে মোট ৯৩ বার সোনার দাম সমন্বয় করা হয়েছিল। তখন ৬৪ বার দাম বেড়েছিল এবং ২৯ বার কমেছিল।
অন্যদিকে, দেশের বাজারে রুপার দাম অপরিবর্তিত রয়েছে। বর্তমানে প্রতি ভরি ২২ ক্যারেট রুপার দাম ৪ হাজার ৬৬৬ টাকা, ২১ ক্যারেট ৪ হাজার ৪৩২ টাকা, ১৮ ক্যারেট ৩ হাজার ৭৯১ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ২ হাজার ৮৫৮ টাকা।
চলতি বছরে এখন পর্যন্ত রুপার দাম ৫০ বার সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ২৫ বার বেড়েছে এবং ২৫ বার কমেছে। ২০২৫ সালে মোট ১৩ বার রুপার দাম সমন্বয় করা হয়েছিল। তখন ১০ বার দাম বেড়েছিল এবং ৩ বার কমেছিল।