লালসবুজ২৪.কম
ঢাকায় কিছু শিক্ষাপ্রতিষ্ঠানে সপ্তাহে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী

লালসবুজ ডেস্ক

প্রকাশ: ০৯ এপ্রিল ২০২৬, ০২:৩৪ পিএম

জ্বালানি সংকট মোকাবেলা, তীব্র যানজট ও ভবিষ্যৎ প্রযুক্তিনির্ভর শিক্ষাব্যবস্থার বাস্তবতা বিবেচনায় ঢাকা মহানগর এলাকার কিছু শিক্ষাপ্রতিষ্ঠানে পরীক্ষামূলকভাবে সপ্তাহে তিনদিন যথাক্রমে শনি-সোম-বুধবারে অফলাইনে বা সশরীরে ক্লাস চলবে।

আর বাকি দিনগুলোতে অনলাইনে পাঠদান কার্যক্রম চলবে। এক্ষেত্রে শিক্ষকরা স্কুলে এসে অনলাইনে ক্লাস নেবেন। শুক্রবার সাপ্তাহিক ছুটির বন্ধ থাকবে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।

সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী বলেন, এটি আগামী সপ্তাহ থেকে কার্যকর করা হবে। যা সফল হলে ধীরে ধীরে সারাদেশে কার্যকর করা যেতে পারে।

ঢাকা মহানগরীতে যেসব প্রতিষ্ঠানে শিক্ষার্থী বেশি সেসব প্রতিষ্ঠানে এ সিদ্ধান্ত শুরুতে বাস্তবায়ন হবে উল্লেখ করে আ ন ম এহছানুল হক বলেন, তবে সব প্রতিষ্ঠানে এটিকে বাধ্য করা হচ্ছে না। যেসব শিক্ষা প্রতিষ্ঠানে এ পদ্ধতি চালু করতে সক্ষম সেখানেই তা চালু হবে। এমন কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না, যাতে শিক্ষাব্যবস্থায় ধস নামে।

লালসবুজ২৪.কম
ইমেইল: info@lalsobuj24.com