লালসবুজ ডেস্ক
প্রকাশ: ১১ এপ্রিল ২০২৬, ০১:৫৯ পিএম
নাটোরে হামের উপসর্গে আক্রান্ত রোগীর সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। শনিবার (১১ এপ্রিল) সকাল ১১টা পর্যন্ত প্রাপ্ত তথ্যে জানা যায়, বিভিন্ন হাসপাতালে বর্তমানে ২১ জন রোগী ভর্তি রয়েছেন।
নাটোর সদর হাসপাতালে ৯ জন, বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২ জন, লালপুরে ৫ জন এবং সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫ জন চিকিৎসাধীন আছেন।
সর্বশেষ তথ্য অনুযায়ী, জেলায় এখন পর্যন্ত মোট ১৫২ জন হামের উপসর্গে আক্রান্ত হয়েছেন। এ পরিস্থিতিতে হামের বিস্তার রোধে বিশেষ টিকাদান কর্মসূচি জোরদার করেছে জেলা স্বাস্থ্য বিভাগ। ইতোমধ্যে জেলায় ১০ হাজার ৮৮২ জনকে টিকা প্রদান সম্পন্ন হয়েছে।
হাসপাতালে ভর্তি শিশুদের অভিভাবকরা জানান, হামের উপসর্গ দেখা দেওয়ার পর দ্রুত তাদের হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসকদের যথাযথ সেবা ও ভ্যাকসিন প্রয়োগের ফলে আক্রান্ত শিশুরা এখন অনেকটাই সুস্থ হয়ে উঠছে।
ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. কামাল উদ্দিন ভূঁইয়া জানান, প্রতিদিন রোগীর সংখ্যা বাড়ায় কিছুটা উদ্বেগ তৈরি হলেও আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। জেলা সদর হাসপাতালসহ সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পর্যাপ্ত পরিমাণে টিকা মজুদ রয়েছে। নাটোর পৌরসভা ও সদর উপজেলায় ১৮ দিনব্যাপী বিশেষ টিকাদান কার্যক্রম চলমান রয়েছে বলেও জানান তিনি।