লালসবুজ ডেস্ক
প্রকাশ: ১৬ জুন ২০২৬, ০২:২৫ পিএম
ঢাকার পল্লবীতে দ্বিতীয় শ্রেণির ছাত্রী রামিসা আক্তারকে ধর্ষণের পর হত্যার ঘটনায় ফাঁসির দণ্ডপ্রাপ্ত দুই আসামি সোহেল রানা ও স্বপ্না আক্তারের পক্ষে শুনানির জন্য রাষ্ট্র নিযুক্ত আইনজীবী নিয়োগের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এ বিষয়ে একজন ফৌজদারি বিশেষজ্ঞ আইনজীবীকে নিয়োগ দিতে আইন মন্ত্রণালয়ের সলিসিটর শাখাকে বলা হয়েছে।
মঙ্গলবার বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তীর নেতৃত্বাধীন হাইকোর্টের বিশেষ বেঞ্চ এ আদেশ দেন। মামলাটি ওই বিশেষ বেঞ্চের কার্যতালিকায় শুনানির জন্য রয়েছে।
আদালত সূত্রে জানা যায়, শিশু রামিসা ধর্ষণ ও হত্যার মামলায় ফাঁসির দণ্ডপ্রাপ্ত দুই আসামির মৃত্যুদণ্ড অনুমোদনসংক্রান্ত নথি ও আসামিদের কারাগার আপিল শুনানির জন্য ছাপা নথি সুপ্রিম কোর্টে পৌঁছেছে। বর্তমানে তা যাচাই-বাছাই চলছে। নথি প্রস্তুত হওয়ায় যেকোনো সময় হাইকোর্টের বিশেষ বেঞ্চে মামলার চূড়ান্ত শুনানি শুরু হতে পারে।
ফৌজদারি কার্যবিধি অনুযায়ী, নিম্ন আদালতে কোনো আসামির মৃত্যুদণ্ড হলে তা কার্যকরের আগে হাইকোর্টের অনুমোদন প্রয়োজন হয়, যা মৃত্যুদণ্ড অনুমোদন মামলা হিসেবে বিবেচিত।
এর আগে গত ৯ জুন ঢাকার নিম্ন আদালত থেকে এই মামলার নথি হাইকোর্টে পাঠানো হয়। ঢাকা মহানগর শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীন স্বাক্ষরের পর নথি প্রেরণ করা হয়।
গত ৭ জুন আসামিদের উপস্থিতিতে একই ট্রাইব্যুনাল এই মামলার রায় ঘোষণা করে। রায়ে মূল আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারকে মৃত্যুদণ্ড দেওয়া হয়।