লালসবুজ ডেস্ক
প্রকাশ: ১৮ জুন ২০২৬, ১০:১৪ পিএম
সুপ্রিম কোর্টের আইনজীবী ও সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনের আদাবর ও যাত্রাবাড়ী থানার দুই মামলায় হাইকোর্টের দেওয়া জামিনাদেশ স্থগিত করেছে আপিল বিভাগের চেম্বার আদালত।
বৃহস্পতিবার বিচারপতি মো. রেজাউল হক এ আদেশ দেন।
আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী লিটন আহমেদ। রাষ্ট্রপক্ষে শুনানি করেন আইনজীবী অনীক আর হক।
মামলার নথি অনুযায়ী, ২০২৪ সালের ২১ অক্টোবর দিনগত রাত দেড়টার দিকে রাজধানীর মিরপুর-৬ এলাকা থেকে ব্যারিস্টার সুমনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের কিছুক্ষণ আগে তিনি নিজের সামাজিক যোগাযোগমাধ্যমের ব্যক্তিগত অ্যাকাউন্ট থেকে জানান, তিনি পুলিশের সঙ্গে যাচ্ছেন এবং আদালতে দেখা হবে বলে উল্লেখ করেন।
সাবেক এই স্বতন্ত্র সংসদ সদস্যের বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানা এবং হবিগঞ্জে একাধিক মামলা রয়েছে। এর মধ্যে মিরপুর থানার একটি মামলায় তিনি হাইকোর্টে জামিন আবেদন করলে আদালত তাকে জামিন দেন এবং রুল জারি করেন। পরবর্তীতে ওই জামিনাদেশ স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষ আপিল করলে আপিল বিভাগ তা বহাল রাখে।
এরপর হাইকোর্ট বিভাগে আরও দুই মামলায় তিনি জামিন পান।