লালসবুজ ডেস্ক
প্রকাশ: ০২ জুলাই ২০২৬, ০৬:২৪ পিএম
দ্বিতীয় বিয়ে করাকে কেন্দ্র করে স্বামীকে হত্যা এবং মরদেহ ছয় টুকরো করার ঘটনায় স্ত্রী ফাতেমা বেগম ওরফে শিল্পীকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। ঘটনার প্রায় পাঁচ বছর পর এ মামলার রায় ঘোষণা করা হলো।
বৃহস্পতিবার (২ জুলাই) ঢাকার ১৬তম অতিরিক্ত মহানগর দায়রা জজ নাজমুন নাহার নিপু এ রায় ঘোষণা করেন।
মামলার বিবরণে জানা যায়, ২০২১ সালে রাজধানীর মহাখালী এলাকায় এ চাঞ্চল্যকর হত্যাকাণ্ড ঘটে। অভিযোগ অনুযায়ী, স্বামীর দ্বিতীয় বিয়ে মেনে নিতে না পেরে তাকে হত্যা করেন ফাতেমা বেগম ওরফে শিল্পী। পরে হত্যার ঘটনা গোপন করার উদ্দেশ্যে মরদেহ ছয় টুকরো করে রাজধানীর বিভিন্ন স্থানে ফেলে দেওয়া হয়।
মরদেহের মূল অংশ মহাখালীর আমতলী সড়ক থেকে উদ্ধার করা হয়। দুই হাত ও দুই পা উদ্ধার করা হয় মহাখালীর এনা বাস কাউন্টারের সামনের সড়ক থেকে। এছাড়া মরদেহের মাথা বনানী ১১ নম্বর এলাকার লেক থেকে উদ্ধার করে পুলিশ। ঘটনার পর প্রথম স্ত্রী ফাতেমা বেগম ওরফে শিল্পীকে গ্রেপ্তার করা হয়।
তদন্ত শেষে পুলিশ আদালতে অভিযোগপত্র দাখিল করে। মামলায় সাক্ষ্য-প্রমাণ, আলামত ও উভয় পক্ষের যুক্তিতর্ক পর্যালোচনা করে আদালত আসামির বিরুদ্ধে আনা অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে বলে রায় দেন এবং তাকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করেন।
রাষ্ট্রপক্ষের দাবি, উপস্থাপিত সাক্ষ্য-প্রমাণ ও পারিপার্শ্বিক আলামতের ভিত্তিতে আসামির বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণভাবে প্রমাণিত হয়েছে।