লালসবুজ২৪.কম
নতুন মন্ত্রিসভায় ডাক পেলেন যারা

লালসবুজ ডেস্ক

প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ০১:৪৯ পিএম

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর সরকার গঠন করতে যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দলটির নতুন মন্ত্রিসভায় শপথগ্রহণের জন্য একাধিক নেতা ডাক পেয়েছেন। আজ (মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি) বিকেল ৪টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় নতুন মন্ত্রিসভার শপথগ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

দলীয় সূত্রে জানা গেছে, মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেয়েছেন মির্জা ফখরুল, সালাহউদ্দিন আহমদ, আমির খসরু, শহীদউদ্দিন এ্যানি, এহসানুল হক মিলন, নুরুল হক নূর, আব্দুল মঈন খান, জহির উদ্দিন স্বপন, জোনায়েদ সাকি, ববি হাজ্জাজ ও আরিফুল হক চৌধুরী।

নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথবাক্য পাঠ করাবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। শপথ গ্রহণ অনুষ্ঠানটি মানিক মিয়া এভিনিউসহ তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় ও জেলা প্রশাসনের উদ্যোগে ৬৪ জেলায় বড় স্ক্রিনের মাধ্যমে সরাসরি সম্প্রচার করা হবে। যা সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে।

এছাড়া স্থানীয় সরকার বিভাগের উদ্যোগে ঢাকার ২০টি স্থানে এলইডি স্ক্রিনে মন্ত্রিপরিষদের শপথ গ্রহণ সরাসরি সম্প্রচার করা হবে।

শপথ গ্রহণ অনুষ্ঠানের নিরাপত্তার স্বার্থে জাতীয় সংসদ ও সন্নিহিত এলাকায় ড্রোন উড্ডয়ন নিষিদ্ধ থাকবে। শপথ গ্রহণ অনুষ্ঠানের জন্য আজ দুপুর ১২টার পর থেকে মানিক মিয়া এভিনিউতে যান চলাচল বন্ধ বা সীমিত থাকবে।

এর আগে সকাল সোয়া ১১টায় বিএনপির সংসদীয় দলের বৈঠকে নেতা নির্বাচিত হয়েছেন দলের চেয়ারম্যান তারেক রহমান। বিষয়টি নিশ্চিত করেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবীর খান।

এর আগে সকাল পৌনে ১১টার দিকে শপথ নিয়েছেন তারেক রহমানসহ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের বিএনপির সংসদ সদস্যরা (এমপি)। শপথ নেয়ার পর সংসদ সদস্যরা শপথপত্রে সই করেন। এরপর বৈঠকে বসেন তারা।

লালসবুজ২৪.কম
ইমেইল: info@lalsobuj24.com