লালসবুজ২৪.কম
আগামী জুলাই থেকে ইউনিয়ন পরিষদ নির্বাচন শুরুর পরিকল্পনা সরকারের

লালসবুজ ডেস্ক

প্রকাশ: ০২ মার্চ ২০২৬, ০৩:২৮ পিএম

সরকার আগামী জুলাই মাস থেকে স্থানীয় সরকার কাঠামোর সর্বনিম্ন স্তর ইউনিয়ন পরিষদ নির্বাচন শুরু করার পরিকল্পনা গ্রহণ করেছে। প্রথম ধাপে ২০৪টি ইউনিয়ন পরিষদে নির্বাচন আয়োজনের প্রস্তুতি চলছে যার অধিকাংশই বরিশাল বিভাগের ছয়টি জেলায় অবস্থিত।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে চলতি বছরের শেষ দিকে দ্বিতীয় ধাপের নির্বাচন অনুষ্ঠিত হতে পারে।

স্থানীয় সরকার মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ের পর সরকার দ্রুত সময়ের মধ্যে স্থানীয় সরকার নির্বাচন সম্পন্ন করতে আগ্রহী।

স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন স্থানীয় নির্বাচনের প্রক্রিয়া দ্রুত শুরু হবে তবে এর আগে দলীয় প্রতীকে নির্বাচন হবে কি না তা জাতীয় সংসদে চূড়ান্ত হতে হবে।

আগামী ১২ মার্চ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হওয়ার কথা রয়েছে। ইউনিয়ন পরিষদ আইন অনুযায়ী প্রথম সভার পর পাঁচ বছর পূর্ণ হওয়ার ১৮০ দিনের মধ্যে পরবর্তী নির্বাচন করার বাধ্যবাধকতা রয়েছে। ২০২১ সালের ২১ জুন প্রথম ধাপে ২০৪টি ইউপিতে নির্বাচন হয়েছিল যার মেয়াদ শেষ হওয়ায় সরকার পুনরায় নির্বাচনের উদ্যোগ নিয়েছে।

এদিকে গত ১৭ ফেব্রুয়ারি স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে দেশের সব জেলা প্রশাসকের কাছে চিঠি পাঠিয়ে ইউনিয়ন পরিষদগুলোর বর্তমান অবস্থা জানতে চাওয়া হয়েছে। বিশেষ করে ২০২৪ সালের ৫ আগস্টের পর অনেক চেয়ারম্যান আত্মগোপনে থাকায় বর্তমানে কতজন চেয়ারম্যান বা প্রশাসক দায়িত্বে আছেন তার সঠিক পরিসংখ্যান তৈরি করা হচ্ছে।

সুশাসনের জন্য নাগরিক বা সুজন সম্পাদক ড. বদিউল আলম মজুমদার গণমাধ্যমকে জানিয়েছেন স্থানীয় নির্বাচন দলীয় প্রতীকে হওয়ায় সহিংসতা বৃদ্ধি পেয়েছিল এবং অনেক যোগ্য প্রার্থী নির্বাচন থেকে বিমুখ হয়েছিলেন। তাই স্থানীয় নির্বাচন নির্দলীয় হওয়া উচিত বলে তিনি মনে করেন।

লালসবুজ২৪.কম
ইমেইল: info@lalsobuj24.com