লালসবুজ২৪.কম
সংসদে যারা আছেন, কেউ ঋণ খেলাপি না, ঋণগ্রস্ত হতে পারেন: স্বরাষ্ট্রমন্ত্রী

লালসবুজ ডেস্ক

প্রকাশ: ১৮ জুন ২০২৬, ০৯:৩৬ পিএম

ছবি: সংগৃহীত

বর্তমান জাতীয় সংসদে কোনো সদস্য ঋণখেলাপি নন বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, সংসদ সদস্যরা ঋণগ্রস্ত হতে পারেন, তবে আইনগতভাবে কেউ ঋণখেলাপি হিসেবে বিবেচিত নন।

বৃহস্পতিবার সংসদ অধিবেশনে বিরোধী দলীয় প্রধান হুইপ ও জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলামের উত্থাপিত বিষয়ে বক্তব্য দিতে গিয়ে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, প্রচলিত আইন ও জনপ্রতিনিধিত্ব-সংক্রান্ত বিধান অনুযায়ী আদালত কর্তৃক কোনো ব্যক্তি ঋণখেলাপি হিসেবে ঘোষিত হলে তিনি নির্বাচনে অংশগ্রহণের যোগ্যতা হারান। ফলে সংসদে নির্বাচিত সদস্যদের ক্ষেত্রে ঋণখেলাপি হওয়ার সুযোগ নেই।

তিনি বলেন, বর্তমান সংসদে ঋণখেলাপিদের মনোনয়ন দেওয়া হয়েছে—এমন দাবি আইনের ব্যাখ্যার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। যেসব প্রার্থীর বিরুদ্ধে ব্যাংক বা বেসরকারি প্রতিষ্ঠানের মামলা ছিল, সেগুলোর নিষ্পত্তি উচ্চ আদালতে হয়েছে। আদালতের রায়ের পর তারা বৈধভাবে নির্বাচনে অংশ নিয়ে নির্বাচিত হয়েছেন।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, এ কারণে বর্তমান সংসদকে ‘ঋণখেলাপিদের সংসদ’ বলা সঠিক নয়। এমন মন্তব্য সংসদের ভাবমূর্তি ক্ষুণ্ন করে এবং তা মানহানিকর। তিনি এ ধরনের বক্তব্য কার্যবিবরণী থেকে বাদ দেওয়ারও মত দেন।

অন্যদিকে নাহিদ ইসলাম বলেন, তিনি নির্বাচনের আগে ও পরে ঋণখেলাপিদের বিষয়ে কথা বলেছেন। সংসদের প্রথম অধিবেশনেও কয়েকজন সদস্যের ঋণসংক্রান্ত তথ্য তুলে ধরেছিলেন, যদিও সম্মানের কথা বিবেচনা করে তাদের নাম প্রকাশ করেননি।

তিনি দাবি করেন, সংসদে যদি একাধিক ঋণখেলাপি থাকেন, তাহলে সাধারণ মানুষের কাছে একে ‘ঋণখেলাপিদের সংসদ’ বলা অস্বাভাবিক নয়। তার মতে, ক্ষমতাসীন দলের সংখ্যাগরিষ্ঠতার কারণেই এমন ব্যক্তিরা সংসদে আসার সুযোগ পেয়েছেন বলে জনমনে ধারণা তৈরি হতে পারে।

লালসবুজ২৪.কম
ইমেইল: info@lalsobuj24.com