লালসবুজ২৪.কম
জনসংখ্যা বাংলাদেশের বোঝা নয়, এটি সবচেয়ে বড় শক্তি ও আশীর্বাদ: শিক্ষামন্ত্রী

লালসবুজ ডেস্ক

প্রকাশ: ১৯ জুন ২০২৬, ১০:৪৮ পিএম

ছবি: সংগৃহীত

বাংলাদেশের বিপুল জনসংখ্যাকে অনেকে সমস্যা হিসেবে দেখলেও এটিকে দেশের সবচেয়ে বড় শক্তি ও আশীর্বাদ হিসেবে উল্লেখ করেছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

শুক্রবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ মিলনায়তনে রোটারি ইন্টারন্যাশনাল আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

মন্ত্রী বলেন, বিশ্বের অন্যতম জনবহুল দেশ হওয়া সত্ত্বেও বাংলাদেশ শিক্ষা, মানবসম্পদ উন্নয়ন এবং নেতৃত্বের ক্ষেত্রে বিশ্বকে পথ দেখানোর সক্ষমতা রাখে।

তিনি আরও বলেন, রাজনীতি করতে হবে জনগণের জন্য, নিজের জন্য নয়। অতীত ও সাম্প্রতিক বিভিন্ন সময়ের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে দেশের রাজনৈতিক নেতৃত্বকে আরও দায়িত্বশীল হতে হবে। তিনি বলেন, শিক্ষা ব্যবস্থাকে পুরোনো কাঠামো থেকে বের করে আধুনিক রূপ দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে এবং প্রধানমন্ত্রী এ বিষয়ে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিয়েছেন।

শিক্ষামন্ত্রী আরও উল্লেখ করেন, অতীতে বিভিন্ন সরকার প্রাথমিক ও মেয়েদের শিক্ষার ক্ষেত্রে উপবৃত্তি, খাদ্যের বিনিময়ে শিক্ষা এবং অন্যান্য সহায়তা কর্মসূচি চালু করেছে, যা শিক্ষার প্রসারে ধারাবাহিক ভূমিকা রেখেছে।

তিনি বলেন, বর্তমানে শিক্ষার্থীদের জন্য মিডডে মিল চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে, পাশাপাশি খেলাধুলা, সংস্কৃতি, নৈতিকতা, ধর্মীয় ও পারিবারিক মূল্যবোধকে শিক্ষার সঙ্গে যুক্ত করা হচ্ছে। প্রাথমিক স্তর থেকেই সাঁতার, দাবা ও অন্যান্য খেলাধুলা অন্তর্ভুক্ত করার পরিকল্পনাও রয়েছে।

তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শিক্ষামন্ত্রী হিসেবে স্বল্প সময়ের দায়িত্বের প্রসঙ্গ তুলে তার কিছু উদ্যোগের প্রশংসা করেন এবং প্রযুক্তিনির্ভর শিক্ষাব্যবস্থার উন্নয়নের ওপর গুরুত্ব দেন।

রোটারি ইন্টারন্যাশনালের সামাজিক কার্যক্রমের প্রশংসা করে তিনি বলেন, সেবামূলক এই ধরনের সংগঠনের মূল্যবোধ শিক্ষার্থীদের মধ্যে ছড়িয়ে দেওয়ার বিষয়টি ইতিবাচকভাবে বিবেচনা করা হচ্ছে।

সবশেষে মন্ত্রী বলেন, শিশুদের ছোটবেলা থেকেই সঠিক মূল্যবোধ ও শিক্ষা দেওয়া জরুরি, কারণ ভবিষ্যৎ প্রজন্ম গঠনে এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

লালসবুজ২৪.কম
ইমেইল: info@lalsobuj24.com