লালসবুজ ডেস্ক
প্রকাশ: ২০ জুন ২০২৬, ০৭:৪৪ পিএম
রাজধানীর আর্মি স্টেডিয়ামে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বাংলাদেশ থেকেই ভবিষ্যতে লিওনেল মেসি, ক্রিস্টিয়ানো রোনালদো ও কিলিয়ান এমবাপ্পের মতো বিশ্বমানের ফুটবলার তৈরি হবে।
শনিবার (২০ জুন) বিকেলে আয়োজিত অনুষ্ঠানে তিনি বলেন, শিশুদের জন্য খেলাধুলার সুযোগ সৃষ্টি করা সরকারের অন্যতম অঙ্গীকার। ক্রিকেটের পাশাপাশি ফুটবলসহ অন্যান্য খেলাতেও বাংলাদেশকে বিশ্বদরবারে পরিচিত করতে কাজ করছে সরকার। শিশুদের মেধা ও প্রতিভা বিকাশে প্রয়োজনীয় সব ধরনের উদ্যোগ নেওয়া হবে।
প্রধানমন্ত্রী বলেন, কেউ গান শিখতে চাইলে, ছবি আঁকতে চাইলে কিংবা পবিত্র কোরআন তেলাওয়াত শিখতে চাইলে তাদের জন্য প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করা হবে। শিশুদের সার্বিক বিকাশে সরকার বদ্ধপরিকর।
শিশুদের উদ্দেশে তিনি বলেন, তোমরাই বাংলাদেশের ভবিষ্যৎ। খেলাধুলার পাশাপাশি লেখাপড়া ও সাংস্কৃতিক চর্চায়ও দক্ষ হতে হবে। তাহলেই একটি সুন্দর, সমৃদ্ধ ও শক্তিশালী বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে। ভবিষ্যতের বিশ্বমানের খেলোয়াড় তোমাদের মধ্য থেকেই উঠে আসবে। একই সঙ্গে আন্তর্জাতিক ক্রীড়া আসরগুলোতেও দেশের অবস্থান আরও শক্তিশালী করতে হবে।
এ সময় প্রধানমন্ত্রী জানান, আগামী বছর থেকে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে ‘প্রধানমন্ত্রীর কাপ’ নামে নতুন ক্রীড়া প্রতিযোগিতা চালু করা হবে। শিশুদের দেশের প্রতিনিধি হিসেবে নিজেদের প্রস্তুত করার আহ্বানও জানান তিনি।
অনুষ্ঠানে রাজশাহী বিভাগের পাবনার সাঁথিয়ার জোড়গাছা ইউনাইটেড সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং ময়মনসিংহের নান্দাইলের আচারগাঁও উত্তরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ক্ষুদে নারী ফুটবলারদের নৈপুণ্য উপভোগ করেন প্রধানমন্ত্রী ও মন্ত্রিপরিষদের সদস্যরা। পরে চ্যাম্পিয়ন জোড়গাছা ইউনাইটেড সরকারি প্রাথমিক বিদ্যালয়ের খেলোয়াড়দের হাতে ট্রফি তুলে দেন তিনি।
উল্লেখ্য, গত ৬ এপ্রিল দেশব্যাপী শুরু হওয়া এ প্রতিযোগিতায় প্রায় ২২ লাখ শিক্ষার্থী অংশ নেয়।