লালসবুজ ডেস্ক
প্রকাশ: ২২ জুন ২০২৬, ০৯:৪৪ এএম
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে প্রথমবারের মতো রাষ্ট্রীয় সফরে মালয়েশিয়া পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর পর তাকে লাল গালিচা সংবর্ধনা দেওয়া হয়। একই সঙ্গে রাষ্ট্রীয় মর্যাদায় তাকে গার্ড অব অনার প্রদান করা হয়েছে।
রোববার স্থানীয় সময় রাত ৮টা ৩৫ মিনিটে কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দুই দিনের এ রাষ্ট্রীয় সফরে তার সঙ্গে রয়েছেন সহধর্মিণী চিকিৎসক জুবাইদা রহমান।
বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান মালয়েশিয়ার ধর্মবিষয়ক মন্ত্রী জুলকিফলি হাসান। পরে দেশটির সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিক রাষ্ট্রীয় প্রটোকল অনুসরণ করে তাকে গার্ড অব অনার প্রদান করা হয়। এ সময় মালয়েশিয়ায় বাংলাদেশের হাইকমিশনার মনজুরুল করিম খান চৌধুরীসহ দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে বিমানবন্দরে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা ও কূটনৈতিক আনুষ্ঠানিকতার আয়োজন করা হয়। রাষ্ট্রীয় মর্যাদায় এ সংবর্ধনাকে বাংলাদেশ ও মালয়েশিয়ার বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্কের প্রতীক হিসেবে দেখা হচ্ছে।
এর আগে রোববার দুপুর ২টা ৪৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জাতীয় পতাকাবাহী উড়োজাহাজে কুয়ালালামপুরের উদ্দেশে যাত্রা করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সফর চলাকালে দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। বিশেষ করে বাণিজ্য, বিনিয়োগ, শ্রমবাজার সম্প্রসারণ, শিক্ষা, প্রযুক্তি এবং দ্বিপক্ষীয় সহযোগিতা আরও জোরদারের বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।