লালসবুজ ডেস্ক
প্রকাশ: ২২ জুন ২০২৬, ১০:০৪ এএম
পুত্রজায়ায় লাল গালিচা সংবর্ধনায় বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে উষ্ণ অভ্যর্থনা জানিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ড. আনোয়ার ইব্রাহিম।
সোমবার সকাল সাড়ে ৮টায় শাংরি লা থেকে আনুষ্ঠানিক মোটর শোভাযাত্রা সহকারে প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান পুত্রজায়ার প্রধানমন্ত্রী কার্যালয় পেরদানা পুত্রা ভবনে পৌঁছান সকাল ৯টায়।
প্রথমেই বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ও ডা. জুবাইদা রহমানকে স্বাগত জানান মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ও তার সহধর্মিণী দাতুক সেরি ড. ওয়ান আজিজাহ ওয়ান ইসমাইল। পরে মালয়েশিয়ার সশস্ত্র বাহিনীর একটি সুসজ্জিত দল আনুষ্ঠানিক সম্মান প্রদর্শন করে অভিবাদন জানায়। এ সময় দুই দেশের জাতীয় সঙ্গীত পরিবেশিত হয় এবং প্রধানমন্ত্রী তারেক রহমান অভিবাদন রক্ষী দল পরিদর্শন করেন।
সংবর্ধনা অনুষ্ঠানের পর সফরসঙ্গীদের সঙ্গে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীকে পরিচয় করিয়ে দেন তারেক রহমান। একইভাবে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী তার মন্ত্রিসভার সদস্যদের সঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে পরিচয় করিয়ে দেন।
পরবর্তীতে ভবনের প্রবেশ পথে রাখা পরিদর্শন বইতে স্বাক্ষর করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
পরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম তারেক রহমানকে সঙ্গে নিয়ে ভবনের পঞ্চম তলায় যান এবং সেখানে দুই নেতা একান্ত বৈঠকে মিলিত হন।
এদিকে সফরকে ঘিরে পুত্রজায়ায় প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখী দীর্ঘ সড়কের দুই পাশে বাংলাদেশ ও মালয়েশিয়ার জাতীয় পতাকা টানানো হয়। পাশাপাশি পেরদানা পুত্রা চত্বর এলাকায় দুই দেশের পতাকা সারিবদ্ধভাবে উত্তোলন করা হয়।