লালসবুজ ডেস্ক
প্রকাশ: ২২ জুন ২০২৬, ১০:৪১ এএম
মালয়েশিয়ায় বিভিন্ন কারণে আটক থাকা বাংলাদেশি নাগরিকদের দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হবে বলে আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
তিনি জানান, মালয়েশিয়ায় বহু বাংলাদেশি শ্রমিক কর্মরত আছেন। নানা কারণে প্রায় দুই হাজার প্রবাসী সেখানে কারাগারে আটক রয়েছেন। তাদের মুক্ত করে দেশে ফিরিয়ে আনার জন্য সম্ভাব্য সব ধরনের প্রচেষ্টা চালানো হবে।
রোববার রাতে মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে শাংগ্রি-লা হোটেলে আয়োজিত এক সুধী সমাবেশে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, আইন মেনে প্রবাসীদের জন্য যত সুবিধা আদায় করা সম্ভব, সরকার তা নিশ্চিত করার চেষ্টা করবে। হতাশ হওয়ার কোনো কারণ নেই। বাংলাদেশের সামনে অপার সম্ভাবনা রয়েছে। এজন্য পরিশ্রমের পাশাপাশি ধৈর্য ধরার আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, নিজের পরিবারের সঙ্গে ঘটে যাওয়া ঘটনার প্রতিশোধ না নিয়ে ধৈর্য ধারণ করে ধীরে ধীরে এগিয়ে যাওয়ার মধ্যেই অগ্রগতি নিহিত।
প্রধানমন্ত্রী বলেন, মালয়েশিয়ায় যেন অদক্ষ শ্রমিক না যায়, সে জন্য কারিগরি প্রশিক্ষণ প্রতিষ্ঠানগুলোকে আরও কার্যকর করা হবে। পাশাপাশি দেশটির সরকারের সঙ্গে আলোচনা করে শ্রমবাজার আরও উন্মুক্ত করার চেষ্টা করা হবে।
তিনি জানান, আগামী এক বছরে মধ্যপ্রাচ্যে যেসব শ্রমিক যাবেন, তাদের প্রাথমিক আরবি ভাষা শেখানোর উদ্যোগ নেওয়া হবে। এছাড়া শিক্ষার্থীদের বহুমুখী দক্ষতা গড়ে তুলতে স্কুলের পাঠ্যসূচিতে পাঁচটি খেলাকে অন্তর্ভুক্ত করার পরিকল্পনা রয়েছে।
তিনি আরও বলেন, নতুন প্রজন্মকে যোগ্য করে গড়ে তুলতে ভাষা শিক্ষার ওপর গুরুত্ব দেওয়া হবে এবং শিক্ষার্থীদের একাধিক ভাষা শেখার সুযোগ তৈরি করা হবে, যার মধ্যে ইংরেজি ভাষাকে বিশেষ গুরুত্ব দেওয়া হবে।