লালসবুজ ডেস্ক
প্রকাশ: ২৪ জুন ২০২৬, ০৮:৫৬ পিএম
চীনের দালিয়ান থেকে বেইজিংয়ে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার স্থানীয় সময় বিকেল ৫টা ৩৫ মিনিটে তিনি বেইজিংয়ের চাউমিং রেলস্টেশনে পৌঁছালে তাঁকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানানো হয়। এ সময় তার সফরসঙ্গী হিসেবে ছিলেন সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।
রেলস্টেশনে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান চীনের শুল্ক প্রশাসনের মন্ত্রী এবং চীনের কমিউনিস্ট পার্টির সংশ্লিষ্ট কমিটির সম্পাদক সুন মেইজুন। স্বাগত অনুষ্ঠানে শিশু-কিশোররা প্রধানমন্ত্রী ও তার সহধর্মিণীর হাতে ফুলের তোড়া তুলে দেয়।
পরে প্রধানমন্ত্রী ও তার সহধর্মিণীকে লাল গালিচা সংবর্ধনা এবং সম্মানসূচক প্রহরী অভিবাদন প্রদান করা হয়। এরপর বিশেষ মোটর শোভাযাত্রার মাধ্যমে তাদের চীনের রাষ্ট্রীয় অতিথি ভবনে নিয়ে যাওয়া হয়। বেইজিং সফরকালে প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীরা সেখানেই অবস্থান করবেন।
এর আগে স্থানীয় সময় দুপুর ১টা ৫৮ মিনিটে দালিয়ান উত্তর রেলস্টেশন থেকে দ্রুতগতির ট্রেনে বেইজিংয়ের উদ্দেশে রওনা হন প্রধানমন্ত্রী। সফরে তার সঙ্গে রয়েছেন পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ড. খলিলুর রহমান, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, বৈদেশিক কর্মসংস্থানবিষয়ক উপদেষ্টা মাহদী আমিন, প্রতিরক্ষাবিষয়ক উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলামসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
বেইজিংয়ে পৌঁছানোর আগে সকালে দালিয়ানে অনুষ্ঠিত গ্রীষ্মকালীন দাভোসের বার্ষিক সভায় অংশ নেন প্রধানমন্ত্রী। বিশ্ব অর্থনৈতিক ফোরামের আয়োজনে অনুষ্ঠিত ওই সভায় বিভিন্ন দেশের নীতিনির্ধারক, ব্যবসায়ী ও বিশেষজ্ঞরা অংশগ্রহণ করেন।
এর আগে মালয়েশিয়ায় দুই দিনের সফর শেষ করে গত সোমবার চীনের দালিয়ানে পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ের পর সরকারপ্রধান হিসেবে মালয়েশিয়া ও চীন সফরই তার প্রথম বিদেশ সফর।