লালসবুজ২৪.কম
ইউনিয়ন পর্যায়ে প্রসারিত হচ্ছে ‘দুর্নীতি প্রতিরোধ কমিটি’

লালসবুজ ডেস্ক

প্রকাশ: ২৯ জুন ২০২৬, ১১:৫৪ এএম

ছবি: সংগৃহীত

দুর্নীতিবিরোধী সচেতনতা বৃদ্ধি এবং সামাজিক প্রতিরোধ আরও জোরদার করতে ইউনিয়ন পর্যায়ে দুর্নীতি প্রতিরোধ কমিটি গঠনের উদ্যোগ নিয়েছে দুর্নীতি দমন কমিশন। ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে কমিশনের কার্যক্রমের আওতায় নতুন এ কর্মসূচি অন্তর্ভুক্ত করা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, বর্তমানে মহানগর, জেলা ও উপজেলা পর্যায়ে দুর্নীতি প্রতিরোধ কমিটি কার্যক্রম পরিচালনা করছে। নতুন অর্থবছর থেকে এ কার্যক্রম ইউনিয়ন পর্যায়ে সম্প্রসারণ করা হলে দেশের তৃণমূল পর্যায়ে দুর্নীতিবিরোধী সচেতনতা ও সামাজিক প্রতিরোধ আরও শক্তিশালী হবে বলে আশা করা হচ্ছে।

দুদক এবং দুর্নীতিবিরোধী সংগঠনের নেতাদের মতে, ইউনিয়ন পর্যায়ে কমিটি গঠিত হলে স্থানীয় জনগণের অংশগ্রহণ বাড়বে। একই সঙ্গে সততা, নৈতিকতা ও সুশাসনের চর্চা বিস্তারে এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এ বিষয়ে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, ইউনিয়ন পর্যায়ে দুর্নীতি প্রতিরোধ কমিটি গঠনের উদ্যোগ ইতিবাচক। তবে অতীতের কার্যক্রম নিরপেক্ষভাবে মূল্যায়ন করে নতুন কাঠামো গড়ে তোলার পরামর্শ দেন তিনি। তার মতে, আগের দুর্বলতা থেকে শিক্ষা নিয়ে পরিকল্পনা বাস্তবায়ন করা গেলে এ উদ্যোগ সফল হওয়ার সম্ভাবনা অনেক বেশি।

দুদকের গঠনতন্ত্র অনুযায়ী, ইউনিয়ন পর্যায়ের দুর্নীতি প্রতিরোধ কমিটি সাত সদস্যের হবে। এতে একজন সভাপতি, প্রয়োজনীয় সংখ্যক সদস্য এবং অন্তত এক-তৃতীয়াংশ নারী সদস্য রাখার বিধান রয়েছে। সমাজের সৎ, সচেতন ও স্বেচ্ছাসেবী ব্যক্তিদের মধ্য থেকে সদস্য মনোনয়ন দেওয়া হবে।

তবে বিদেশি নাগরিক, নির্বাচিত জনপ্রতিনিধি, প্রজাতন্ত্রের বেতনভুক্ত কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক দলের সক্রিয় সদস্য, আদালতের অপ্রকৃতস্থ ঘোষিত ব্যক্তি, দেউলিয়া, ঋণখেলাপি এবং ফৌজদারি অপরাধে অভিযুক্ত বা দণ্ডিত ব্যক্তি এ কমিটির সদস্য হতে পারবেন না।

দুদক সচিব মোহাম্মদ খালেদ রহীম বলেন, দুর্নীতি দমনে শুধু শাস্তিমূলক ব্যবস্থা যথেষ্ট নয়। তাই ইউনিয়ন পর্যায়ে প্রতিরোধমূলক কার্যক্রম সম্প্রসারণের মাধ্যমে তৃণমূল জনগণের মধ্যে দুর্নীতিবিরোধী সচেতনতা সৃষ্টি করাই কমিশনের লক্ষ্য। আইনের প্রয়োগের পাশাপাশি সামাজিক সচেতনতা গড়ে তুলতে পারলে দুর্নীতি প্রতিরোধ আরও কার্যকর হবে।

দুদকের সর্বশেষ তথ্য অনুযায়ী, বর্তমানে জেলা ও মহানগর পর্যায়ে সর্বোচ্চ ১৩ সদস্য এবং উপজেলা পর্যায়ে সর্বোচ্চ ৯ সদস্যের দুর্নীতি প্রতিরোধ কমিটি রয়েছে। এসব কমিটির মাধ্যমে আলোচনা সভা, রচনা ও বিতর্ক প্রতিযোগিতা, শোভাযাত্রা, মানববন্ধন, সেমিনার, নাটকসহ বিভিন্ন সচেতনতামূলক কর্মসূচি নিয়মিত আয়োজন করা হচ্ছে।

২০২৫ সালের তথ্য অনুযায়ী, দেশে মহানগর, জেলা ও উপজেলা পর্যায়ে পাঁচ শতাধিক দুর্নীতি প্রতিরোধ কমিটি কার্যক্রম পরিচালনা করেছে। এসব কমিটির উদ্যোগে এক বছরে দেড় হাজারের বেশি আলোচনা সভা, এক হাজারের বেশি বিতর্ক প্রতিযোগিতা এবং শত শত শোভাযাত্রা, মানববন্ধন ও অন্যান্য সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

ড. ইফতেখারুজ্জামান বলেন, ইউনিয়ন পর্যায়ে এসব কমিটি কার্যকরভাবে কাজ করতে পারলে বয়স্ক ভাতা, বিধবা ভাতা, সামাজিক নিরাপত্তা কর্মসূচি এবং কৃষি উপকরণ বিতরণসহ বিভিন্ন সরকারি সেবায় অনিয়ম ও দুর্নীতি কমিয়ে আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা সম্ভব হবে।

লালসবুজ২৪.কম
ইমেইল: info@lalsobuj24.com