লালসবুজ ডেস্ক
প্রকাশ: ০৪ এপ্রিল ২০২৬, ০১:০৮ পিএম
গণসংহতির প্রধান সমন্বয়কারীর পদ থেকে পদত্যাগ করেছেন জোনায়েদ সাকী। নতুন ভারপ্রাপ্ত প্রধান সমন্বয়কারী দেওয়ান আবদুর রশিদ নীলু। শনিবার (৪ এপ্রিল) দুপুরে রাজধানীর হাতিরপুলে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে এই সিদ্ধান্তের কথা জানানো হয়।
সংবাদ সম্মেলনে জোনায়েদ সাকী জানান, দল থেকে পদত্যাগ করেননি, বরং দলের সাংগঠনিক নীতির অংশ হিসেবেই তিনি এই দায়িত্ব ছেড়েছেন। প্রধান সমন্বয়কারীর দায়িত্ব ছাড়লেও তিনি দলের রাজনৈতিক পরিষদের সদস্য হিসেবে আগের মতোই সক্রিয় থাকবেন এবং তার রাজনৈতিক কার্যক্রম চালিয়ে যাবেন।
গত বছরের ৩ নভেম্বর ঢাকার সাভারে অনুষ্ঠিত দলের পঞ্চম জাতীয় সম্মেলনে জোনায়েদ সাকি পুনরায় প্রধান সমন্বয়কারী নির্বাচিত হন। সম্মেলনের সমাপনী অধিবেশনে ৫৫ সদস্যের নতুন নির্বাহী কমিটিও গঠন করা হয়।
চলতি বছরের ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি নেতৃত্বাধীন জোটের শরিক হিসেবে দলটির প্রতীক ‘মাথাল’ নিয়ে ব্রাহ্মণবাড়িয়া-৬ (বাঞ্ছারামপুর) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন জোনায়েদ সাকি।
পরে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বাধীন নতুন সরকারে তাকে অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রীর দায়িত্ব দেয়া হয়। পরবর্তীতে অর্থ মন্ত্রণালয় থেকে সরিয়ে শুধুমাত্র পরিকল্পনা প্রতিমন্ত্রীর দায়িত্বে রাখা হয় তাকে।