লালসবুজ ডেস্ক
প্রকাশ: ০২ জুলাই ২০২৬, ০৬:১৩ পিএম
জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে ছাত্রদল। শহীদ ও আহতদের প্রতি শ্রদ্ধা জানানো, গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণ, সংশ্লিষ্টদের অবদানের স্বীকৃতি এবং ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য জোরদারের লক্ষ্য নিয়ে জুলাই ও আগস্টজুড়ে বিভিন্ন কর্মসূচি পালন করবে সংগঠনটি।
বৃহস্পতিবার (২ জুলাই) ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির যৌথভাবে এ কর্মসূচি ঘোষণা করেন। সংগঠনের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন।
ঘোষিত কর্মসূচি অনুযায়ী, ১ জুলাই প্রথম প্রহরে জাতীয় শহীদ মিনারে ‘আলোয় আলোয় স্মৃতি সমুজ্জ্বল’ শীর্ষক অনুষ্ঠানে সমবেত কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশন ও মোমবাতি প্রজ্বালনের মধ্য দিয়ে কর্মসূচির সূচনা করা হয়েছে।
আগামী ১৫ জুলাই ‘গণঅভ্যুত্থানের বাঁক বদলের দিন’ শীর্ষক আলোচনা সভার আয়োজন করবে ছাত্রদল। ১৬ জুলাই চট্টগ্রাম ও রংপুর বিভাগের সব বিশ্ববিদ্যালয়, জেলা, মহানগর, কলেজ, উপজেলা ও পৌর শাখার নেতাদের অংশগ্রহণে ছাত্র সমাবেশ অনুষ্ঠিত হবে। একই দিনে দেশের সব বিশ্ববিদ্যালয়, জেলা ও মহানগর শাখায় স্মরণসভাও আয়োজন করা হবে।
১৮ জুলাই ‘বেসরকারি বিশ্ববিদ্যালয় প্রতিরোধ দিবস’ উপলক্ষে বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের উদ্যোগে বিশেষ কর্মসূচি পালিত হবে। এরপর ২০ জুলাই গণঅভ্যুত্থানে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অবদান স্মরণে সভার আয়োজন করা হবে।
২১ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের উদ্যোগে ক্যাম্পাসে ‘প্রতীকী জুলাই’ শীর্ষক সরাসরি পরিবেশনা অনুষ্ঠিত হবে। একই দিন শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, গত ১৭ বছরের আন্দোলন-সংগ্রামের আলোকচিত্র প্রদর্শনী, কবিতা উৎসব এবং পথনাটকের আয়োজন করা হবে।
২২ জুলাই জুলাই-আগস্টের সব শহীদের আত্মার মাগফিরাত এবং আহতদের সুস্থতা কামনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদসহ দেশের সব বিশ্ববিদ্যালয়, জেলা, মহানগর, উপজেলা, কলেজ ও পৌর শাখায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে।
এ ছাড়া ২৪ ও ২৫ জুলাই কেন্দ্রীয় ছাত্রদলের নেতৃত্বে সারাদেশে শহীদদের কবর জিয়ারত করা হবে। একই সঙ্গে শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করে সংগঠনের পক্ষ থেকে উপহারসামগ্রী পৌঁছে দেওয়া হবে।
মাসব্যাপী কর্মসূচির সমাপনী আয়োজন হিসেবে আগামী ৩ আগস্ট জাতীয় শহীদ মিনারে ছাত্রসমাবেশ অনুষ্ঠিত হবে। সংগঠনের ঘোষণায় জানানো হয়েছে, এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।