লালসবুজ২৪.কম
নিক্সন চৌধুরীর ঘনিষ্ঠ সহযোগী গ্রেপ্তার

লালসবুজ ডেস্ক

প্রকাশ: ১৭ জুন ২০২৬, ১২:১৯ পিএম

ছবি: সংগৃহীত

ফরিদপুরের ভাঙ্গা উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক শেখ আরাফাতকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। মঙ্গলবার রাতে রাজধানী ঢাকা থেকে গোপন তথ্যের ভিত্তিতে তাকে আটক করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মিজানুর রহমান। গ্রেপ্তার হওয়া আরাফাত ভাঙ্গা উপজেলার কাওলিবেড়া ইউনিয়নের শেখপুরা গ্রামের বাসিন্দা।

পুলিশ সূত্রে জানা গেছে, তার বিরুদ্ধে থানা ভাঙচুর ও বিস্ফোরক আইনে দায়ের করা মামলাসহ একাধিক মামলা রয়েছে। তিনি সাবেক সংসদ সদস্য নিক্সন চৌধুরীর ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত। গত বছরের ৫ আগস্টের পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন বলে জানা যায়। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে তার সক্রিয়তা অব্যাহত ছিল।

সম্প্রতি তার নেতৃত্বে ভাঙ্গা মহাসড়কে যুবলীগের একটি আকস্মিক মিছিল অনুষ্ঠিত হয়। এ ঘটনার প্রতিবাদে গত শুক্রবার উপজেলা বিএনপি বিক্ষোভ কর্মসূচি পালন করে।

ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মিজানুর রহমান বলেন, আরাফাতের বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে। তাকে গ্রেপ্তারের জন্য পুলিশের বিভিন্ন দল কাজ করছিল। অবশেষে গোয়েন্দা পুলিশের অভিযানে তিনি আটক হয়েছেন।

তিনি আরও জানান, এখনো আনুষ্ঠানিক কাগজপত্র হাতে না পেলেও ঢাকা থেকে গোয়েন্দা পুলিশ তাকে আটক করেছে বলে তিনি নিশ্চিত হয়েছেন।

লালসবুজ২৪.কম
ইমেইল: info@lalsobuj24.com