লালসবুজ ডেস্ক
প্রকাশ: ২৮ জুন ২০২৬, ০৭:০১ পিএম
দেশজুড়ে টানা ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত এবং উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের প্রভাবে আগামী কয়েক দিনে দেশের বিভিন্ন নদ-নদীর পানি দ্রুত বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এ পরিস্থিতিতে দেশের অন্তত ৯ জেলার নদীসংলগ্ন নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদি বন্যা এবং কোথাও কোথাও প্লাবনের আশঙ্কা প্রকাশ করেছে পানি উন্নয়ন বোর্ড।
রোববার (২৮ জুন) সংস্থাটির বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র থেকে প্রকাশিত বিশেষ সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়েছে।
সতর্কবার্তায় বলা হয়, বর্তমানে সিলেটের ফেঞ্চুগঞ্জ এলাকায় কুশিয়ারা নদীর পানি বিপৎসীমার ৪ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
আগামী ৪৮ ঘণ্টার মধ্যে নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম, রংপুর ও গাইবান্ধা জেলার তিস্তা, ধরলা ও দুধকুমার নদীর পানি কয়েকটি স্থানে বিপৎসীমা অতিক্রম করতে পারে। একই সঙ্গে আগামী ৭২ ঘণ্টার মধ্যে সিলেট ও সুনামগঞ্জ জেলার সুরমা ও কুশিয়ারা নদীর পানিও কয়েকটি স্থানে বিপৎসীমার ওপরে ওঠার আশঙ্কা রয়েছে। এতে এসব জেলার নদীসংলগ্ন নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদি বন্যা দেখা দিতে পারে।
এ ছাড়া আগামী ১ থেকে ৩ জুলাইয়ের মধ্যে কুড়িগ্রাম, গাইবান্ধা, জামালপুর ও বগুড়া জেলার ব্রহ্মপুত্র ও যমুনা নদীর পানি সতর্কসীমায় পৌঁছাতে পারে। এর ফলে নদী তীরবর্তী নিম্নাঞ্চলের কোথাও কোথাও প্লাবনের আশঙ্কা রয়েছে।
বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, দেশের বিভিন্ন এলাকায় ভারী বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলের কারণে নদ-নদীর পানি দ্রুত বাড়ছে। তাই সংশ্লিষ্ট জেলার নদী তীরবর্তী নিম্নাঞ্চলের বাসিন্দাদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের আহ্বান জানানো হয়েছে।