লালসবুজ২৪.কম
ফরিদপুরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কেটে দিলেন স্ত্রী

লালসবুজ ডেস্ক

প্রকাশ: ২৯ জুন ২০২৬, ১২:২৪ পিএম

ছবি: সংগৃহীত

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কেটে দেওয়ার অভিযোগ উঠেছে স্ত্রীর বিরুদ্ধে। সোমবার (২৯ জুন) সকালে ভাঙ্গা পৌরসভার হোগলাডাঙ্গী সদরদী গ্রামে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী হানিফ শেখ (২২) উপজেলার পুখুরিয়া এলাকার রফিক শেখের ছেলে। তিনি পেশায় একজন ব্যবসায়ী। অভিযুক্ত সুমাইয়া আক্তার (২২) একই উপজেলার মানিকদহ ইউনিয়নের পুখুরিয়া এলাকার বাসিন্দা। তবে সম্প্রতি তারা হোগলাডাঙ্গী সদরদী গ্রামের একটি ভাড়া বাসায় বসবাস করছিলেন।

স্থানীয়দের ভাষ্য, প্রায় দেড় মাস আগে ওই দম্পতি বদিউজ্জামানের বাড়িতে ভাড়া ওঠেন। এরপর থেকেই তাদের মধ্যে পারিবারিক বিরোধ চলছিল। রোববার রাতেও স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। এর পর সোমবার সকালে স্বামী ঘুমিয়ে থাকা অবস্থায় ধারালো অস্ত্র দিয়ে তার গোপনাঙ্গ কেটে দেন বলে অভিযোগ রয়েছে।

হানিফ শেখের চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করেন। প্রথমে তাকে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

ঘটনার পর ক্ষুব্ধ এলাকাবাসী অভিযুক্ত সুমাইয়া আক্তারকে আটক করেন। পরে খবর পেয়ে ভাঙ্গা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে হেফাজতে নিয়ে থানায় নিয়ে যায়।

ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান জানান, সংবাদ পেয়ে অভিযুক্তকে আটক করা হয়েছে। এ ঘটনায় আইনগত কার্যক্রম চলমান রয়েছে।

লালসবুজ২৪.কম
ইমেইল: info@lalsobuj24.com