লালসবুজ২৪.কম
আওয়ামী লীগের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক, জাককানইবির শিক্ষক বরখাস্ত

লালসবুজ ডেস্ক

প্রকাশ: ০৪ জুলাই ২০২৬, ০৯:৪৪ পিএম

ছবি: সংগৃহীত

নিষিদ্ধঘোষিত আওয়ামী লীগের শীর্ষ নেতাদের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে অংশ নিয়ে বর্তমান সরকারকে উৎখাতের পরিকল্পনা এবং নিজ রাজনৈতিক আদর্শের সরকার প্রতিষ্ঠার বিষয়ে বক্তব্য দেওয়ার অভিযোগে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের সহকারী অধ্যাপক কল্যানাংশু নাহাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

বৃহস্পতিবার (২ জুলাই) বিশ্ববিদ্যালয়ের নিবন্ধক দপ্তরের অতিরিক্ত পরিচালক খন্দকার নাজমুল হাসান স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়।

চিঠিতে উল্লেখ করা হয়, ‘বাংলাদেশ ইউনিভার্সিটি প্রোগ্রেসিভ টিচার্স সোসাইটি’ নামে একটি টেলিগ্রামভিত্তিক দলের গত ২৬ জুনের এক ভার্চুয়াল সভায় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে অভিযুক্ত এবং রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ একটি দলের শীর্ষ নেতাদের সঙ্গে যুক্ত হয়ে বক্তব্য দেন কল্যানাংশু নাহা। সেখানে তিনি নিজ রাজনৈতিক আদর্শের সরকার প্রতিষ্ঠার করণীয় তুলে ধরার পাশাপাশি বর্তমান নির্বাচিত সরকারকে উৎখাতের পরিকল্পনার কথাও উল্লেখ করেন বলে অভিযোগ করা হয়েছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের ভাষ্য, এমন কর্মকাণ্ড বিশ্ববিদ্যালয়ের চাকরিবিধির পরিপন্থি।

এতে আরও বলা হয়, শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ তদন্তের স্বার্থে কল্যানাংশু নাহাকে সাময়িক বরখাস্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে কল্যানাংশু নাহা বলেন, বরখাস্তের চিঠি বিভাগে পৌঁছেছে বলে তিনি জেনেছেন। তবে এখনও সেটি হাতে পাননি। এ বিষয়ে তার কোনো মন্তব্য নেই।

লালসবুজ২৪.কম
ইমেইল: info@lalsobuj24.com