লালসবুজ ডেস্ক
প্রকাশ: ০২ এপ্রিল ২০২৬, ০১:৩৬ পিএম
লাতিন আমেরিকার অন্যতম ফুটবল পরাশক্তির দেশ ব্রাজিল। বিশ্বকাপ ইতিহাসের সবচেয়ে সফল দলও সেলেসাওরা। কিন্তু রেকর্ড পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা তাদের পঞ্চম ও সবশেষ শিরোপা জিতেছিল ২০০২ সালে। এরপর শিরোপা তো দূরে থাক, ব্রাজিলিয়ানরা ফাইনালেই উঠতে পারেনি। ঘরের মাঠে ২০১৪ বিশ্বকাপের সেমিফাইনাল ছিল তাদের সেরা সাফল্য ছিল।
শিরোপাখরা কাটাতে নিজেদের ইতিহাসে প্রথমবারের মতো বিদেশি কোচ নিয়োগ দিয়েছে ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশনের (সিবিএফ)। তবে কার্লো আনচেলত্তির অধীনে ব্রাজিল হেক্সা মিশনে মাঠে নামার আগে এখনো নিজেদের শতভাগ গুছিয়ে নিতে পারেনি। তারপরও বিশ্বকাপ ইতিহাসের সবচেয়ে সফল এই দল শক্তিশালী প্রতিপক্ষ হিসেবে অন্যদের সামনে দাঁড়াবে।
এমনিতে ব্রাজিল জাতীয় দলের কোচ হিসেবে প্রতি মাসে ৫০ লাখ ব্রাজিলিয়ান রিয়াল বেতন পান আনচেলত্তি। যদি দলকে শিরোপা জেতাতে পারেন তাহলে এই ইতালিয়ান কোচকে ৩ কোটি ব্রাজিলিয়ান রিয়াল বোনাস দেয়া হবে। গত বছরই নিয়োগের সময় আনচেলত্তির বোনাস নির্ধারণ করা হয়েছে। আর তাদের খেলোয়াড়রা সিবিএফের কাছ থেকে ৫২ লাখ ব্রাজিলিয়ান রিয়াল পাবে।
এই তথ্য এসেছে এস্তাদাও পত্রিকার সাংবাদিক মার্সেল রিজ্জোর কাছ থেকে। বিশ্বকাপে অংশ নিতে খেলোয়াড়রা যুক্তরাষ্ট্র সফরের আগেই সিবিএফ-এর সঙ্গে তাদের চুক্তি চূড়ান্ত হবে। এবারই প্রথম নয়, এর আগের আসরগুলোতেও প্রায় একই পরিমাণ আর্থিক পুরস্কারের চুক্তি হয়েছিল খেলোয়াড় ও কনফেডারেশনের মধ্যে। ষষ্ঠ ট্রফিতে চোখ রেখে আগামী ১ জুন দেশ ছাড়বে জাতীয় দল।
ফিফার প্রাইজমানি অনুযায়ী ব্রাজিল বিশ্বকাপ জিতলে পাবে প্রায় ৫ কোটি রিয়াল। আগামী ১১ জুন পর্দা উঠবে প্রথমবারের মতো ৪৮ দলের অংশগ্রহণে এই বৈশ্বিক টুর্নামেন্ট। 'দ্য গ্রেটেস্ট শো অন আর্থ' খ্যাত এই আসরে আগামী ১৩ জুন নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে মরক্কোর বিপক্ষে প্রথম ম্যাচ খেলবে সেলেসাওরা। পরের দুটি ম্যাচ হাইতি ও স্কটল্যান্ডের সঙ্গে ১৯ ও ২৪ জুন।