লালসবুজ ডেস্ক
প্রকাশ: ১৬ জুন ২০২৬, ০২:০৫ পিএম
আন্তর্জাতিক ফুটবল সংস্থা আয়োজিত বিশ্বকাপের ইতিহাসে বিরল এক ঘটনার সাক্ষী হলো ফুটবল বিশ্ব। সোমবার (১৫ জুন) ২০২৬ বিশ্বকাপের পঞ্চম দিনে অনুষ্ঠিত চারটি ম্যাচের কোনোটিতেই কোনো দল জয় পায়নি। সব ম্যাচই শেষ হয়েছে সমতায়।
দিনের প্রথম ম্যাচে স্পেন ও কেপ ভার্দে গোলশূন্য সমতায় শেষ করে। অন্যদিকে বেলজিয়াম ও মিসর একে অপরের সঙ্গে এক গোলে সমতা করে। সৌদি আরব ও উরুগুয়ের ম্যাচও এক গোল করে সমতায় শেষ হয়। আর ইরান ও নিউজিল্যান্ডের ম্যাচে দুই দলই দুইটি করে গোল করে সমতায় থামে।
পরিসংখ্যান অনুযায়ী, ১৯৩০ সালে বিশ্বকাপ শুরু হওয়ার পর এটি মাত্র তৃতীয়বারের মতো ঘটনা, যখন এক দিনে চারটি ম্যাচই সমতায় শেষ হলো। এর আগে এমন ঘটনা ঘটেছিল ১৯৫৮ সালে।
সেবার ১৫ জুনের সেই দিনে সুইডেন ও ওয়েলস গোলশূন্য সমতায়, যুগোস্লাভিয়া ও প্যারাগুয়ে তিন গোল করে সমতায়, ইংল্যান্ড ও অস্ট্রিয়া দুই গোল করে সমতায় এবং নর্দার্ন আয়ারল্যান্ড ও জার্মানি দুই গোল করে সমতায় শেষ করেছিল।
দীর্ঘ ৬৮ বছর পর আবারও একই ধরনের বিরল ঘটনার পুনরাবৃত্তি হলো বিশ্বকাপের মঞ্চে। বিশেষভাবে লক্ষণীয় বিষয় হলো, ১৯৫৮ সালের মতো এবারও ঘটনাটি ঘটেছে ১৫ জুনেই।