লালসবুজ২৪.কম
কুনার জোড়া গোলে হাইতিকে ৩-০তে হারিয়ে গ্রুপের শীর্ষে ব্রাজিল

লালসবুজ ডেস্ক

প্রকাশ: ২০ জুন ২০২৬, ০৭:৪৮ পিএম

ছবি: সংগৃহীত

প্রথম ম্যাচে মরক্কোর বিপক্ষে পয়েন্ট হারানোর হতাশা কাটিয়ে দারুণ প্রত্যাবর্তন করেছে ব্রাজিল। ফিলাডেলফিয়ায় অনুষ্ঠিত ম্যাচে হাইতিকে ৩-০ গোলে পরাজিত করে নিজেদের সামর্থ্যের প্রমাণ দিয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। মাতেউস কুনহার জোড়া গোল ও ভিনিসিয়ুস জুনিয়রের এক গোলে সহজ জয় তুলে নেয় কার্লো আনচেলত্তির দল।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক খেলায় আধিপত্য বিস্তার করে ব্রাজিল। ১৩ মিনিটে রাফিনহার শট জালে জড়ালেও অফসাইডের কারণে গোলটি বাতিল হয়। এরপরও ধারাবাহিক আক্রমণে হাইতির রক্ষণভাগকে চাপে রাখে তারা।

২৩ মিনিটে ভিনিসিয়ুস জুনিয়রের বাড়ানো বল থেকে গোলের সূচনা করেন মাতেউস কুনহা। প্রতিপক্ষের এক খেলোয়াড়ের গায়ে লেগে বলের গতিপথ বদলে গেলেও শেষ পর্যন্ত জালে পৌঁছে যায়, আর তাতেই এগিয়ে যায় ব্রাজিল।

গোলের পর আরও আত্মবিশ্বাসী হয়ে ওঠে দক্ষিণ আমেরিকার দলটি। ৩৬ মিনিটে আবারও গোল করেন কুনহা। ভিনিসিয়ুসের নিখুঁত পাস নিয়ন্ত্রণে নিয়ে দুর্দান্ত শটে নিজের দ্বিতীয় গোল পূর্ণ করেন তিনি।

প্রথমার্ধের অতিরিক্ত সময়ে ব্যবধান ৩-০ করেন ভিনিসিয়ুস জুনিয়র। মাঝমাঠ থেকে পাওয়া চমৎকার পাস কাজে লাগিয়ে প্রতিপক্ষ গোলরক্ষককে পরাস্ত করে বল জালে পাঠান তিনি। তার গোলে বিরতিতে যাওয়ার আগেই স্বস্তিদায়ক ব্যবধানে এগিয়ে যায় ব্রাজিল।

দ্বিতীয়ার্ধে ম্যাচে ফেরার চেষ্টা চালায় হাইতি। আক্রমণভাগে পরিবর্তন এনে কয়েকটি সুযোগও তৈরি করেছিল তারা। তবে ব্রাজিলের দৃঢ় রক্ষণভাগের সামনে সফল হতে পারেনি হাইতির ফুটবলারেরা।

অন্যদিকে আরও গোলের সুযোগ পেয়েও ব্যবধান বাড়াতে পারেনি ব্রাজিল। বদলি হিসেবে মাঠে নামা এন্ড্রিক একবার বল জালে পাঠালেও অফসাইডের কারণে সেই গোলও বাতিল হয়।

শেষ পর্যন্ত আর কোনো গোল না হলে ৩-০ ব্যবধানের জয় নিয়েই মাঠ ছাড়ে ব্রাজিল। এই জয়ে গোল ব্যবধানে মরক্কোকে পেছনে ফেলে গ্রুপের শীর্ষস্থানও দখল করে নেয় পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

লালসবুজ২৪.কম
ইমেইল: info@lalsobuj24.com