লালসবুজ২৪.কম
পেলের ৬৮ বছরের রেকর্ডে ভাগ বসালেন লামিন ইয়ামাল

লালসবুজ ডেস্ক

প্রকাশ: ২২ জুন ২০২৬, ১০:০০ এএম

ছবি: সংগৃহীত

বিশ্বকাপে নিজের প্রথম গোল করেই ইতিহাসের অংশ হয়ে গেলেন স্পেনের তরুণ ফরোয়ার্ড লামিন ইয়ামাল। সৌদি আরবের বিপক্ষে ম্যাচের শুরুতেই গোল করে দলকে এগিয়ে দেওয়ার পাশাপাশি স্পর্শ করেছেন ব্রাজিলের কিংবদন্তি পেলের দীর্ঘদিনের একটি রেকর্ড।

এর আগে কেপ ভার্দের বিপক্ষে ম্যাচে বদলি হিসেবে মাঠে নেমেছিলেন ইয়ামাল। তবে সৌদি আরবের বিপক্ষে তাকে শুরুর একাদশে রাখা হয়। সুযোগ পেয়ে সেটির পুরো সদ্ব্যবহার করেন এই তরুণ ফুটবলার।

ম্যাচের ১০ মিনিটে দুর্দান্ত এক গোল করে স্পেনকে ১-০ ব্যবধানে এগিয়ে দেন ইয়ামাল। বিশ্বকাপের মঞ্চে এটিই ছিল তার প্রথম গোল। সেই গোলের সুবাদে ইতিহাসের পাতায়ও জায়গা করে নেন তিনি।

বিশ্বকাপের ইতিহাসে ১৮ বছর বা তার কম বয়সে ম্যাচের প্রথম গোল করার কীর্তি এতদিন এককভাবে ছিল পেলের দখলে। ১৯৫৮ সালের বিশ্বকাপে ওয়েলসের বিপক্ষে মাত্র ১৭ বছর বয়সে ব্রাজিলের হয়ে গোল করে দলকে এগিয়ে দিয়েছিলেন তিনি। দীর্ঘ ৬৮ বছর পর সেই বিরল কীর্তিতে ভাগ বসালেন ১৮ বছর বয়সী ইয়ামাল।

লালসবুজ২৪.কম
ইমেইল: info@lalsobuj24.com