লালসবুজ ডেস্ক
প্রকাশ: ২২ জুন ২০২৬, ১০:৩৪ এএম
বিশ্বকাপ ফুটবলের ইতিহাসে নতুন অধ্যায় লিখলেন স্পেনের তরুণ তারকা লামিন ইয়ামাল। আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী মহাতারকা লিওনেল মেসির রেকর্ড ভেঙে কনিষ্ঠ গোলদাতাদের তালিকায় ওপরে উঠে এসেছেন তিনি।
সৌদি আরবের বিপক্ষে ম্যাচের শুরুতেই গোল করে আলোচনার কেন্দ্রে চলে আসেন ইয়ামাল। ২০০৭ সালের ১৩ জুলাই জন্ম নেওয়া এই তরুণ গোলটি করার সময় তার বয়স ছিল ১৮ বছর ৩৪৩ দিন। এই কীর্তির মাধ্যমে তিনি বিশ্বকাপ ইতিহাসের অষ্টম কনিষ্ঠ গোলদাতা হিসেবে নিজের নাম লেখান।
এর মাধ্যমে তিনি পেছনে ফেলেছেন লিওনেল মেসিকে। ২০০৬ বিশ্বকাপে সার্বিয়া ও মন্টেনেগ্রোর বিপক্ষে ৬–০ গোলের ম্যাচে মেসি যখন প্রথম বিশ্বকাপ গোল করেন, তখন তার বয়স ছিল ১৮ বছর ৩৫৭ দিন।
মাত্র ১৪ দিনের ব্যবধানে মেসিকে ছাড়িয়ে ইয়ামাল এখন কনিষ্ঠ গোলদাতাদের তালিকায় ওপরে উঠে এসেছেন। একই সঙ্গে স্পেনের ইতিহাসে তিনিই দ্বিতীয় কনিষ্ঠ বিশ্বকাপ গোলদাতা।
স্পেনের হয়ে এই তালিকায় তার ওপরে আছেন শুধু গাভি। ২০২২ বিশ্বকাপে কোস্টা রিকার বিপক্ষে ৭–০ ব্যবধানে জয়ের ম্যাচে গাভি গোল করেছিলেন ১৮ বছর ১১০ দিন বয়সে।
বিশ্বকাপ ইতিহাসে সবচেয়ে কম বয়সে গোল করার রেকর্ড এখনো ধরে রেখেছেন ব্রাজিলের কিংবদন্তি পেলে। ১৯৫৮ বিশ্বকাপে ওয়েলসের বিপক্ষে গোল করার সময় তার বয়স ছিল মাত্র ১৭ বছর ২৩৯ দিন। তিনি একমাত্র খেলোয়াড় যিনি ১৮ বছর পূর্ণ হওয়ার আগেই বিশ্বকাপে গোল করেছেন।
বিশ্বকাপ ইতিহাসের শীর্ষ ১০ কনিষ্ঠ গোলদাতা-
১. পেলে (ব্রাজিল) — ১৭ বছর ২৩৯ দিন
২. ম্যানুয়েল রোসাস (মেক্সিকো) — ১৮ বছর ৯৩ দিন
৩. গাভি (স্পেন) — ১৮ বছর ১১০ দিন
৪. ইব্রাহিম এমবায়ে (সেনেগাল) — ১৮ বছর ১৪৩ দিন
৫. মাইকেল ওয়েন (ইংল্যান্ড) — ১৮ বছর ১৯০ দিন
৬. নিকোলাই কোভাকস (রোমানিয়া) — ১৮ বছর ১৯৭ দিন
৭. দিমিত্রি সিচেভ (রাশিয়া) — ১৮ বছর ২৩১ দিন
৮. লামিনে ইয়ামাল (স্পেন) — ১৮ বছর ৩৪৩ দিন
৯. লিওনেল মেসি (আর্জেন্টিনা) — ১৮ বছর ৩৫৭ দিন
১০. জুলিয়ান গ্রিন (যুক্তরাষ্ট্র) — ১৯ বছর ২৫ দিন
আটলান্টায় অনুষ্ঠিত এই ম্যাচে শুরু থেকেই সৌদি আরবকে চাপে রাখে ইউরোপীয় চ্যাম্পিয়ন স্পেন। ইয়ামালের রেকর্ড গড়া গোলের পর মিকেল ওইয়ারসাবালের জোড়া গোলে ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি স্পেনের হাতে চলে যায়।