লালসবুজ২৪.কম
গ্রামীণফোন, টেলিটক, রবি, বাংলালিংকের কাছে সরকারের পাওনা ১৩ হাজার কোটি টাকা

লালসবুজ ডেস্ক

প্রকাশ: ২৪ জুন ২০২৬, ০৯:৫৪ পিএম

ছবি: সংগৃহীত

দেশের চারটি মোবাইল ফোন সেবাদানকারী প্রতিষ্ঠানের কাছে সরকারের মোট ১৩ হাজার ১৪৪ কোটি টাকা রাজস্ব বকেয়া রয়েছে বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি উপদেষ্টা ফকির মাহবুব আনাম।

বুধবার (২৪ জুন) জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে কক্সবাজার-৩ আসনের সদস্য লুৎফুর রহমানের এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান। স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে সংসদে এ সংক্রান্ত তথ্য উপস্থাপন করা হয়।

মন্ত্রী জানান, বকেয়া অর্থের মধ্যে রাষ্ট্রায়ত্ত মোবাইল অপারেটর টেলিটকের কাছে রয়েছে ৫ হাজার ৯৫৪ কোটি টাকা। এছাড়া গ্রামীণফোনের কাছে ৬ হাজার ১০২ কোটি টাকা, রবির কাছে ৬১৫ কোটি টাকা এবং বাংলালিংকের কাছে ৪৭৩ কোটি টাকা রাজস্ব বকেয়া রয়েছে।

তিনি বলেন, টেলিটকের বকেয়া অর্থের মধ্যে রয়েছে লাইসেন্স ফি, রাজস্ব ভাগাভাগি, তরঙ্গ ফি, প্রশাসনিক জরিমানা এবং সামাজিক দায়বদ্ধতা তহবিলের অর্থ। এর মধ্যে ৫ হাজার ৫৫৪ কোটি টাকা মূলধনে রূপান্তরের জন্য টেলিটক আবেদন করেছে, যা বর্তমানে অর্থ মন্ত্রণালয়ের বিবেচনায় রয়েছে।

গ্রামীণফোনের বকেয়া প্রসঙ্গে মন্ত্রী জানান, তথ্যপ্রযুক্তি ব্যবস্থার নিরীক্ষা-সংক্রান্ত আপত্তির কারণে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের মোট পাওনা দাঁড়িয়েছে ৮ হাজার ৪৯৪ কোটি ১ লাখ টাকা। আদালতের নির্দেশনা অনুযায়ী প্রতিষ্ঠানটি দুই কিস্তিতে ২ হাজার ৩৯২ কোটি ১৯ লাখ টাকা পরিশোধ করেছে। বর্তমানে তাদের বকেয়া রয়েছে ৬ হাজার ১০১ কোটি ৮২ লাখ টাকা। বিষয়টি উচ্চ আদালতে বিচারাধীন রয়েছে।

রবির ক্ষেত্রে তথ্যপ্রযুক্তি ব্যবস্থার নিরীক্ষা আপত্তি এবং পরিশোধিত রাজস্ব ভাগাভাগির ওপর মূল্য সংযোজন কর বাবদ নিয়ন্ত্রণ কমিশনের মোট পাওনা ৬৭৮ কোটি টাকা বলে জানান মন্ত্রী। আদালতের নির্দেশে প্রতিষ্ঠানটি পাঁচ কিস্তিতে ১৮৮ কোটি টাকা পরিশোধ করেছে। অবশিষ্ট অর্থ নিয়ে উচ্চ আদালতে মামলা চলমান রয়েছে।

অন্যদিকে বাংলালিংকের কাছে একই ধরনের দাবির পরিমাণ ৪৭৩ কোটি টাকা। প্রতিষ্ঠানটি ইতোমধ্যে ৩৮১ কোটি টাকা পরিশোধ করেছে। বাকি অর্থ আদায় নিয়ে আদালতে মামলা চলমান রয়েছে বলে সংসদকে জানান মন্ত্রী।

লালসবুজ২৪.কম
ইমেইল: info@lalsobuj24.com