লালসবুজ ডেস্ক
প্রকাশ: ০৪ মার্চ ২০২৬, ১২:৪৪ পিএম
ইরানে ব্যাপক হামলা চালাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। চলতি সপ্তাহের শুরু থেকে চারদিনের এই সংঘাতে এখন পর্যন্ত ইরানে এক হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন। নিহতদের মধ্যে পৌনে দুই’শ শিশু রয়েছে। ইরানে সামরিক ঘাঁটির পাশাপাশি মেডিকেল সেন্টার এবং আবাসিক এলাকায়ও হামলা চালাচ্ছে ইসরায়েল।
সংবাদমাধ্যম বিবিসি বলছে, ইরানে গত ২৮ ফেব্রুয়ারি থেকে এখন পর্যন্ত এক হাজার ৯৭ জন বেসামরিক মানুষ নিহত হয়েছেন বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক সংগঠন হিউম্যান রাইটস অ্যাকটিভিস্ট নিউজ এজেন্সি (এইচআরএএনএ)। নিহতদের মধ্যে ১৮১ জন ১০ বছর বয়সী শিশু বলে জানিয়েছে সংস্থাটি।
এছাড়া আহতের সংখ্যা বেঁড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৪০২ জনে। তাদের মধ্যে একশ জনই শিশু। মানবাধিকার এই সংস্থাটি জানিয়েছে, কেবলমাত্র গত ২৪ ঘণ্টায়ই অন্তত ১০৪টি হামলা হয়েছে। সামরিক ঘাঁটি, মেডিকেল সেন্টার এবং আবাসিক এলাকায় এই হামলা করা হয়েছে বলে জানিয়েছে এইচআরএএনএ।
এদিকে ইসরায়েল জানিয়েছে, তারা নতুন করে ইরানে হামলা শুরু করেছে। এর আগে মঙ্গলবার ইরানের প্রেসিডেন্ট ভবনসহ শীর্ষ নেতৃত্বের বসবাসের স্থানগুলো লক্ষ্য করে হামলার তথ্য জানিয়েছিল ইসরায়েল।
এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের সব কিছু ধ্বংস করে দেয়া হয়েছে। যুক্তরাষ্ট্র জানিয়েছে, শনিবার অভিযান শুরুর পর তারা ইরানের দুই হাজারের বেশি লক্ষ্যবস্তুতে আঘাত করেছে।
অন্যদিকে পাল্টা হামলায় ইরান মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে থাকা মার্কিন ঘাঁটি ও ইসরায়েল লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছুড়েছে। এসব হামলায় ছয়জন মার্কিন সৈন্য নিহত হওয়ার তথ্য জানা গেছে।
এছাড়া ইরানে প্রায় ৩০০টি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ যন্ত্র ধ্বংস করা হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। একইসাথে লেবাননের একাধিক লক্ষবস্তুতে হামলা করা হয়েছে বলে এক টেলিগ্রাম বার্তায় জানিয়েছে আইডিএফ।
এক বিবৃতিতে আইডিএফ বলেছে, ‘গত ২৪ ঘণ্টায় শত শত যুদ্ধবিমান ও সামরিক বিমান একযোগে ইরান ও লেবাননে শত শত লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে’। তারা আরও জানিয়েছে, ‘প্রতিরক্ষা প্রচেষ্টার অংশ হিসেবে ইসরায়েলি বিমান বাহিনী ধারাবাহিকভাবে ইরানি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র স্থাপনা ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ওপর হামলা চালিয়ে যাচ্ছে।’