লালসবুজ২৪.কম
ইসরায়েলকে ‘কঠোর জবাবের’ হুঁশিয়ারি ইরানের

লালসবুজ ডেস্ক

প্রকাশ: ১৭ জুন ২০২৬, ১২:২৮ পিএম

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শান্তি চুক্তি নিয়ে আলোচনা চললেও লেবাননে ইসরায়েলি হামলা অব্যাহত রয়েছে। দক্ষিণ লেবাননের নাবাতিয়েহ অঞ্চলে ড্রোন হামলায় অন্তত চারজন নিহত হয়েছেন।

স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, মাইফাদুন এলাকায় দুটি এবং শৌকিন গ্রামে একটি গাড়িকে লক্ষ্য করে এসব হামলা চালানো হয়।

এ ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ইরান। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন, দক্ষিণ লেবাননে ইসরায়েলের সামরিক উপস্থিতি ও হামলা অব্যাহত থাকলে তা শান্তি চুক্তির সুস্পষ্ট লঙ্ঘন হিসেবে বিবেচিত হবে। তিনি বলেন, দখল করা এলাকা থেকে ইসরায়েল সেনা প্রত্যাহার না করলে যুদ্ধের সমাপ্তি হয়েছে বলে দাবি করা যাবে না।

এদিকে ইরানের সামরিক বাহিনীও কড়া সতর্কবার্তা দিয়ে জানিয়েছে, লেবাননে হামলা বন্ধ না হলে ইসরায়েলকে কঠোর জবাব দেওয়া হবে।

অন্যদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, দক্ষিণ লেবাননের যেসব এলাকাকে তাদের জন্য কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ মনে করা হয়, সেখানে সেনা মোতায়েন অব্যাহত থাকবে।

এদিকে সংঘাতপূর্ণ এলাকা থেকে সরে যাওয়া অনেক বাসিন্দা নিজেদের বাড়িঘর দেখতে ফিরলেও এখনো নিরাপত্তাহীনতায় ভুগছেন। তাদের আশঙ্কা, যে কোনো সময় আবারও নতুন করে সংঘর্ষ শুরু হতে পারে।

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, চলতি বছরের ২ মার্চ নতুন করে সংঘর্ষ শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত ইসরায়েলি হামলায় তিন হাজার ৮২৬ জন নিহত এবং ১১ হাজার ৮৫১ জন আহত হয়েছেন।

লালসবুজ২৪.কম
ইমেইল: info@lalsobuj24.com