লালসবুজ২৪.কম
যুদ্ধবিরতি ভেঙে ড্রোন হামলা চালিয়েছে ইরান, দাবি ট্রাম্পের

লালসবুজ ডেস্ক

প্রকাশ: ২৬ জুন ২০২৬, ১১:১৩ পিএম

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী জাহাজগুলোর ওপর একমুখী হামলায় ব্যবহৃত অন্তত চারটি ড্রোন ব্যবহার করেছে ইরান।

শুক্রবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় ট্রাম্প বলেন, চারটি ড্রোনের মধ্যে একটি বড় ও অত্যন্ত মূল্যবান একটি পণ্যবাহী জাহাজের ওপরের ডেকে সরাসরি আঘাত হানে। এতে জাহাজটির কিছু ক্ষয়ক্ষতি হলেও সেটি যাত্রা অব্যাহত রাখতে সক্ষম হয়েছে।

তিনি আরও দাবি করেন, বাকি তিনটি ড্রোন ভূপাতিত করা হয়েছে। তার ভাষ্য, এটি যুদ্ধবিরতি চুক্তির সুস্পষ্ট লঙ্ঘন।

তবে ট্রাম্প তার দাবিতে কোন নির্দিষ্ট ঘটনার কথা উল্লেখ করেননি। হামলাটি ঠিক কখন ঘটেছে, সে সম্পর্কেও বিস্তারিত কোনো তথ্য দেননি।

জাতিসংঘের আন্তর্জাতিক সামুদ্রিক সংস্থা হরমুজ প্রণালিতে আটকে পড়া জাহাজ ও নাবিকদের সরিয়ে নেওয়ার কার্যক্রম স্থগিত করার পরই ট্রাম্প এ বক্তব্য দেন।

এর আগে ওমান উপকূলসংলগ্ন জলসীমায় একটি জাহাজে হামলার ঘটনা ঘটে। ওই হামলার জন্য যুক্তরাষ্ট্র ইরানকে দায়ী করলেও এ বিষয়ে এখন পর্যন্ত তেহরানের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নি।

লালসবুজ২৪.কম
ইমেইল: info@lalsobuj24.com