লালসবুজ২৪.কম
চীনকে সঙ্গে নিয়ে হরমুজ থেকে টোল আদায়ের পরিকল্পনা ইরানের

লালসবুজ ডেস্ক

প্রকাশ: ২৬ জুন ২০২৬, ১১:৩৫ পিএম

ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালি পুনরায় চালুর পর এর ব্যবস্থাপনা থেকে বছরে প্রায় ৪ হাজার কোটি ডলার আয় করার পরিকল্পনা করছে ইরান। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের বরাতে এক প্রতিবেদনে এমন তথ্য প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রভিত্তিক একটি সংবাদমাধ্যম।

প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের ধারণা অনুযায়ী, প্রণালিটির নিরাপত্তা নিশ্চিত করা এবং পরিবেশগত সেবা পরিচালনার দায়িত্বে থাকা দেশগুলো প্রতিবছর ৪ হাজার কোটি ডলারের বেশি আয় করতে পারে।

এ পরিকল্পনা বাস্তবায়নে তুরস্কের দারদানেলস প্রণালির কর ও প্রশাসনিক কাঠামোকে অনুসরণযোগ্য মডেল হিসেবে বিবেচনা করছে তেহরান। একই সঙ্গে চীন এবং উপসাগরীয় কয়েকটি দেশের কাছেও এ প্রস্তাব উপস্থাপন করা হয়েছে। ইরান চায়, আঞ্চলিক দেশগুলোও প্রণালিটির নিরাপত্তা, পরিচালনা এবং সম্ভাব্য আয় ভাগাভাগির ব্যবস্থায় অংশগ্রহণ করুক।

যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানের মধ্যে সংঘাত শুরুর পর তেহরান কার্যত হরমুজ প্রণালি দিয়ে সব ধরনের জাহাজ চলাচল বন্ধ করে দেয়। সে সময় প্রণালি অতিক্রমের আগে ইরানের অনুমতি নেওয়া বাধ্যতামূলক করা হয়। বিশ্বের জ্বালানি পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ এ নৌপথ বন্ধ থাকায় বৈশ্বিক অর্থনীতিতে উল্লেখযোগ্য প্রভাব পড়ে।

পরে জুন মাসের মাঝামাঝি যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরের পর বাণিজ্যিক জাহাজ চলাচলের জন্য আবারও খুলে দেওয়া হয় হরমুজ প্রণালি। ওই সমঝোতা অনুযায়ী, আন্তর্জাতিক সামুদ্রিক আইন অনুসরণ করে প্রণালিটির প্রশাসনিক কাঠামো নিয়ে ইরান ও ওমান আলোচনা করবে।

তবে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলের ওপর কোনো ধরনের টোল বা অতিরিক্ত অর্থ আরোপের বিরোধিতা করেছে যুক্তরাষ্ট্র। চলতি সপ্তাহে উপসাগরীয় দেশগুলো সফরকালে দেশটির পররাষ্ট্রমন্ত্রী স্পষ্ট করে জানান, ইরানকে এ ধরনের টোল আরোপ করতে দেওয়া হবে না।

এর আগে মে মাসেও ইরানের সম্ভাব্য টোল আরোপের পরিকল্পনার খবর প্রকাশিত হলে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তা নাকচ করে দেন। তিনি বলেন, যুক্তরাষ্ট্র কোনো ধরনের টোল চায় না।

এক সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় ট্রাম্প আরও দাবি করেন, ইরান যুক্তরাষ্ট্রকে আশ্বস্ত করেছে যে হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী জাহাজের কাছ থেকে কোনো টোল, বীমা ব্যয় বা অতিরিক্ত অর্থ আদায় করা হবে না।

লালসবুজ২৪.কম
ইমেইল: info@lalsobuj24.com