লালসবুজ২৪.কম
ইয়েমেনি বিদ্রোহীদের বিরুদ্ধে নজিরবিহীন হামলার হুমকি সৌদি জোটের

লালসবুজ ডেস্ক

প্রকাশ: ০৪ জুলাই ২০২৬, ০৯:৫২ পিএম

ছবি: সংগৃহীত

সৌদি আরবের ওপর হামলার চেষ্টা কিংবা ইয়েমেনের অখণ্ডতা লঙ্ঘনের যেকোনো উদ্যোগের জবাবে হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে নজিরবিহীন সামরিক অভিযান চালানোর হুঁশিয়ারি দিয়েছে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট।

শনিবার (৪ জুলাই) জোটের মুখপাত্র মেজর জেনারেল তুর্কি আল মালিকি বলেন, ইয়েমেনের সাধারণ মানুষের ওপর চালানো নিপীড়ন থেকে আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি সরিয়ে নিতেই হুতিরা সৌদি আরবকে হুমকি দিচ্ছে।

এর আগে শুক্রবার ইয়েমেনের রাজধানী সানায় ইরান থেকে আসা একটি উড়োজাহাজ অবতরণে বাধা দেয় সৌদি আরব। এ সময় সৌদি বিমানবাহিনীর উড়োজাহাজ ইয়েমেনের আকাশসীমায় প্রবেশ করে। এর প্রতিক্রিয়ায় হুতি বিদ্রোহীরা হুঁশিয়ারি দিয়ে জানায়, ভবিষ্যতে এ ধরনের ঘটনা ঘটলে সৌদি আরবের বিমানবন্দরসহ গুরুত্বপূর্ণ অবকাঠামো লক্ষ্য করে হামলা চালানো হবে।

হুতি মুখপাত্র ইয়াহিয়া সারে বলেন, ইয়েমেনের আকাশসীমা লঙ্ঘন বা দেশের বিরুদ্ধে যেকোনো আগ্রাসনের পুনরাবৃত্তি না করতে সৌদি আরবকে সতর্ক করা হচ্ছে। এমন কোনো পদক্ষেপ নেওয়া হলে কঠোর জবাব দেওয়া হবে এবং সৌদি আরবের বিমানবন্দরসহ জল ও স্থলের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো লক্ষ্যবস্তুতে পরিণত হবে।

তিনি আরও জানান, সম্ভাব্য উত্তেজনাপূর্ণ পরিস্থিতির আশঙ্কা থাকলেও তেহরান ও সানার মধ্যে উড়োজাহাজ চলাচল অব্যাহত থাকবে।

সূত্র: আল-জাজিরা

লালসবুজ২৪.কম
ইমেইল: info@lalsobuj24.com