কোনো ষড়যন্ত্র হলে জনগণই রুখে দিতে সক্ষম: তারেক রহমান

লালসবুজ ডেস্ক

প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৪৬ এএম

গুলশান মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টার পর তিনি ভোট দেন।

ভোট প্রদান শেষে বিএনপি চেয়রম্যান বলেন, কোনো ষড়যন্ত্র হলে জনগণই রুখে দিতে সক্ষম। নির্বাচনে জয়ী হলে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির ওপর গুরুত্ব দেয়া হবে।

এর আগে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে ভোট দিতে কেন্দ্রে যান বিএনপি চেয়ারম্যান। তার সঙ্গে ছিলেন স্ত্রী জুবাইদা রহমান ও মেয়ে জাইমা রহমান।

এদিকে তারেক রহমানের ভোটকেন্দ্রে আসাকে ঘিরে সেনাবাহিনী ও পুলিশের কঠোর নিরাপত্তা ব্যবস্থা ছিল।

তারেক রহমান এবারই প্রথমবারের মতো জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিচ্ছেন। বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, দল সরকার গঠন করলে তারেক রহমানই হবেন প্রধানমন্ত্রী।

গুলশান এলাকাটি ঢাকা-১৭ নির্বাচনি আসনের অন্তর্ভুক্ত এবং এটিকে ভিআইপি আসন হিসেবে গণ্য করা হয়। তারেক রহমান এবার ঢাকা-১৭ এবং তার পৈতৃক নিবাস বগুড়া-৬ আসন থেকে ধানের শীষ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন।