ইরানের বদলে ভেনেজুয়েলার তেল কিনবে ভারত, জানিয়ে দিলেন ট্রাম্প

লালসবুজ ডেস্ক

প্রকাশ: ০১ ফেব্রুয়ারি ২০২৬, ০১:২২ পিএম

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের পরিবর্তে এখন থেকে ভেনেজুয়েলা থেকে তেল কিনবে ভারত। তার দাবি, এ বিষয়ে ইতোমধ্যে একটি সমঝোতার ধারণা তৈরি হয়েছে। শনিবার (৩১ জানুয়ারি) ওয়াশিংটন থেকে ফ্লোরিডার নিজের অবকাশযাপনের বাড়িতে যাওয়ার পথে এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এই মন্তব্য করেন।

মূলত ট্রাম্পের পক্ষ থেকে এই মন্তব্য এমন এক সময়ে এলো যখন যুক্তরাষ্ট্র–ভারত সম্পর্ক এবং বৈশ্বিক জ্বালানি রাজনীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত মিলছে। বার্তাসংস্থা রয়টার্স বলছে, এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ট্রাম্প বলেন, ‘আমরা ইতোমধ্যেই সেই চুক্তির ধারণাটা করে ফেলেছি’। তার বক্তব্য অনুযায়ী, ভারতের তেল আমদানির ক্ষেত্রে ইরানের জায়গা নিতে যাচ্ছে ভেনেজুয়েলা।

এর এক দিন আগে বার্তাসংস্থা রয়টার্স জানায়, যুক্তরাষ্ট্র সরকার দিল্লিকে জানিয়েছে যে শিগগিরই ভারত ভেনেজুয়েলা থেকে আবার তেল কেনা শুরু করতে পারে। রাশিয়া থেকে তেল আমদানি কমানোর বিকল্প হিসেবে এই ব্যবস্থা নেয়ার কথা ভাবছে ওয়াশিংটন। এ বিষয়ে অবগত তিনটি সূত্রের বরাতে রয়টার্স এই তথ্য প্রকাশ করে।

মূলত মার্কিন নিষেধাজ্ঞার কারণে ভারত দীর্ঘদিন ধরেই ইরান থেকে বড় পরিসরে তেল আমদানি করছে না। তবে ২০২২ সালে ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের পর পশ্চিমা নিষেধাজ্ঞার কারণে রাশিয়ার তেলের দাম কমে গেলে ভারত বড় ক্রেতা হিসেবে আবির্ভূত হয়।

এই পরিস্থিতিতে ভারতকে রাশিয়ার তেল কেনা বন্ধে চাপ দিতে গত আগস্টে ট্রাম্প প্রশাসন ভারতীয় পণ্যের ওপর আমদানি শুল্ক বাড়িয়ে ৫০ শতাংশ করে। আর গত মাসের শুরুতে মার্কিন রিপাবলিকান এই প্রেসিডেন্ট হুঁশিয়ারি দেন, রাশিয়ার তেল কেনা না কমালে এই শুল্ক আরও বাড়ানো হতে পারে।

তবে জানুয়ারিতে যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্ট জানান, ভারত রাশিয়ার তেল আমদানি উল্লেখযোগ্যভাবে কমানোয় দেশটির ওপর আরোপ করা অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক প্রত্যাহার করা হতে পারে।

এর আগে ২০২৫ সালের মার্চে ট্রাম্প প্রশাসন ভেনেজুয়েলার তেল কেনে— এমন দেশগুলোর ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপ করেছিল, যার মধ্যে ভারতও ছিল। তবে চলতি সপ্তাহে যুক্তরাষ্ট্র সরকার ভেনেজুয়েলার তেল খাতের ওপর থাকা কিছু নিষেধাজ্ঞা শিথিল করেছে। মার্কিন কোম্পানিগুলো যেন সহজে দেশটির তেল বিক্রি করতে পারে, সেই লক্ষকে সামনে রেখেই এই পদক্ষেপ নেয়া হয়েছে।

রয়টার্স বলছে, শনিবার করা ট্রাম্পের এই মন্তব্যকে যুক্তরাষ্ট্র–ভারত সম্পর্কের ‘উন্নতির ইঙ্গিত’ হিসেবে দেখা হচ্ছে। গত এক বছর ধরে দুই দেশের সম্পর্ক কিছুটা টানাপোড়েনের মধ্য দিয়ে যাচ্ছিল।

এছাড়া ট্রাম্প বলেন, চীন চাইলে যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি করে ভেনেজুয়েলার তেল কিনতে পারে। তিনি বলেন, ‘চীন চাইলে আসতে পারে, তেলের ক্ষেত্রে তারা ভালো চুক্তি করতে পারবে’। তবে এ বিষয়ে তিনি কোনও বিস্তারিত তথ্য দেননি।