সঞ্চয়পত্র নিয়ে কঠোর নির্দেশনা দিল বাংলাদেশ ব্যাংক

লালসবুজ ডেস্ক

প্রকাশ: ২৪ জুন ২০২৬, ০৯:৩০ পিএম

ছবি: সংগৃহীত

সঞ্চয়পত্রে বিনিয়োগে আগ্রহী গ্রাহকদের নিরুৎসাহিত করা এবং সেবা প্রদানে অনীহার অভিযোগের পর কঠোর অবস্থান নিয়েছে বাংলাদেশ ব্যাংক। সঞ্চয়পত্র বিক্রির তালিকাভুক্ত ব্যাংকগুলোকে গ্রাহকসেবা নিশ্চিত, অভিযোগ দ্রুত নিষ্পত্তি এবং বিক্রয় কার্যক্রম নির্বিঘ্ন রাখতে নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

বুধবার বাংলাদেশ ব্যাংকের ঋণ ব্যবস্থাপনা বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে দেশের সব তফসিলি ব্যাংককে এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলা হয়। এ সংক্রান্ত চিঠি ব্যাংকগুলোর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, সম্প্রতি বিভিন্ন গ্রাহকের কাছ থেকে অভিযোগ পাওয়া গেছে যে, সঞ্চয়পত্র বিক্রির অনুমোদন থাকা সত্ত্বেও কিছু ব্যাংক নানা উপায়ে গ্রাহকদের সঞ্চয়পত্রে বিনিয়োগ থেকে বিরত রাখছে। এমন পরিস্থিতিতে সঞ্চয়পত্র বিধিমালা অনুযায়ী বিনিয়োগকারীদের কাছে সঞ্চয়পত্র বিক্রিতে সর্বাত্মক সহযোগিতা এবং প্রয়োজনীয় সেবা নিশ্চিত করতে হবে।

বাংলাদেশ ব্যাংক শাখা পর্যায়ে সঞ্চয়পত্র সংক্রান্ত কার্যক্রম নিয়মিত তদারকির ওপরও গুরুত্ব দিয়েছে। পাশাপাশি গ্রাহকদের অভিযোগ গ্রহণের ব্যবস্থা শাখার দৃশ্যমান স্থানে প্রদর্শন এবং অভিযোগ পাওয়ার পর দ্রুত নিষ্পত্তির নির্দেশ দেওয়া হয়েছে।

নির্দেশনায় আরও বলা হয়, সঞ্চয়পত্র বিক্রি ও সংশ্লিষ্ট সেবায় কোনো ধরনের অনীহা বা প্রতিবন্ধকতা সৃষ্টি করা যাবে না। বিনিয়োগে আগ্রহী গ্রাহকদের প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করা ব্যাংকগুলোর দায়িত্বের অংশ।

কেন্দ্রীয় ব্যাংক মনে করছে, সঞ্চয়পত্র সেবায় গাফিলতি বা গ্রাহক হয়রানি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তাই এ খাতে সহজ, স্বচ্ছ ও নিরবচ্ছিন্ন সেবা নিশ্চিত করতে সংশ্লিষ্ট ব্যাংকগুলোকে আরও দায়িত্বশীল ভূমিকা পালনের নির্দেশ দেওয়া হয়েছে।