শিগগিরই আওয়ামী লীগকে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

লালসবুজ ডেস্ক

প্রকাশ: ০৪ জুলাই ২০২৬, ১০:০৪ পিএম

ছবি: সংগৃহীত

রাজনৈতিক দল হিসেবে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে শিগগিরই বিচারের আওতায় আনা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, আইন অনুযায়ী দলটির বিচার নিশ্চিত করা হবে।

শনিবার (৪ জুলাই) রাজধানীর চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত জুলাই জাতীয় সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিদেশে অবস্থান করে পতিত স্বৈরাচার গণতান্ত্রিক সরকারের বিরুদ্ধে নানা ধরনের ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। দেশের স্থিতিশীলতা নষ্ট করতেই তারা মরিয়া হয়ে উঠেছে। এ অবস্থায় রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগকে দ্রুত বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হবে এবং আইন অনুযায়ী বিচার কার্যক্রম সম্পন্ন করা হবে।

জুলাইয়ের চেতনা প্রসঙ্গে তিনি বলেন, এই চেতনা ধারণ করে দেশকে সামনের দিকে এগিয়ে নিতে হবে। জুলাইয়ের আদর্শ বাস্তবায়নের মধ্য দিয়েই দেশ কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে সক্ষম হবে।

তিনি আরও বলেন, জুলাইয়ের চেতনাকে কেন্দ্র করে কোনো ধরনের ব্যবসা কাম্য নয়। কোনো চেতনাকেই ব্যক্তিগত, রাজনৈতিক বা বাণিজ্যিক স্বার্থে ব্যবহার করা উচিত নয়। দেশের বৃহত্তর কল্যাণে এই চেতনাকে রাজনীতির ঊর্ধ্বে রেখে কাজে লাগানোর আহ্বান জানান তিনি।