নভোএয়ারের ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, জরুরি অবতরণ
ঢাকা থেকে কক্সবাজারগামী নভোএয়ারের একটি যাত্রীবাহী উড়োজাহাজ যান্ত্রিক ত্রুটির কারণে ঢাকায় জরুরি অবতরণ করেছে। উড়োজাহাজটিতে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র ও বেসামরিক বিমান পরিবহন উপদেষ্টা হুমায়ুন কবিরও ছিলেন। শুক্রবার সন্ধ্যায় এ ঘটনায় যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
বিমানবন্দর সূত্র জানায়, শুক্রবার সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে নভোএয়ারের উড়োজাহাজটি কক্সবাজারের উদ্দেশে যাত্রা শুরু করে। উড্ডয়নের প্রায় ১৫ মিনিট পরও উড়োজাহাজের অবতরণ চাকা স্বাভাবিকভাবে গুটিয়ে না যাওয়ায় পাইলট ঢাকায় ফিরে জরুরি অবতরণের সিদ্ধান্ত নেন।
পরে ককপিট থেকে বিমানবন্দরের আকাশপথ নিয়ন্ত্রণকক্ষের সঙ্গে যোগাযোগ করে জরুরি অবতরণের অনুমতি নেওয়া হয়। এ সময় নিরাপদ অবতরণের জন্য প্রয়োজনীয় জ্বালানি কমাতে উড়োজাহাজটি প্রায় ৪০ থেকে ৪৫ মিনিট আকাশে চক্কর দেয়। একই সঙ্গে বিমানবন্দর কর্তৃপক্ষ জরুরি অবতরণের সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করে। পরে উড়োজাহাজটি নিরাপদে অবতরণ করে।
ঘটনার বর্ণনা দিয়ে হুমায়ুন কবির বলেন, উড্ডয়নের কিছুক্ষণ পরই যান্ত্রিক ত্রুটি ধরা পড়ে। অবতরণ চাকা গুটিয়ে নেওয়ার জন্য পাইলট একাধিকবার চেষ্টা করলেও তা সম্ভব হয়নি। যাত্রীদের নিরাপত্তার কথা বিবেচনা করে ঢাকায় ফিরে আসার সিদ্ধান্ত নেওয়া হয়।
তিনি আরও বলেন, পাইলটের সিদ্ধান্ত ছিল যথাযথ। তবে পুরো সময় উড়োজাহাজের ভেতরে যাত্রীদের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছিল। বিশেষ করে শিশুদের কান্নাকাটি পরিস্থিতিকে আরও উৎকণ্ঠাপূর্ণ করে তোলে।
এ ঘটনার পর পুরোনো যাত্রীবাহী উড়োজাহাজের উপযুক্ততা পরীক্ষা আরও কঠোর করার আহ্বান জানান হুমায়ুন কবির। তিনি বলেন, বেসরকারি উড়োজাহাজ সংস্থাগুলোর ব্যবহৃত পুরোনো উড়োজাহাজের নিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত ও কঠোর পরীক্ষা জরুরি। যাত্রীদের নিরাপত্তার ক্ষেত্রে কোনো ধরনের আপসের সুযোগ নেই।