অলাভজনক রাষ্ট্রায়ত্ত কারখানা দ্রুত চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর

লালসবুজ ডেস্ক

প্রকাশ: ০৪ জুলাই ২০২৬, ০৯:২৮ পিএম

ছবি: সংগৃহীত

দেশি ও বিদেশি বিনিয়োগের মাধ্যমে অলাভজনক এবং দীর্ঘদিন বন্ধ থাকা রাষ্ট্রায়ত্ত কলকারখানা পুনরায় চালুর প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শনিবার (৪ জুলাই) প্রধানমন্ত্রীর কার্যালয়ে অলাভজনক ও বন্ধ রাষ্ট্রায়ত্ত কলকারখানা পুনরায় চালুর প্রক্রিয়ার অগ্রগতি পর্যালোচনা-সংক্রান্ত এক সভায় তিনি এ নির্দেশনা দেন।

প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব হাসান শিপলু জানান, সভায় জানানো হয়েছে যে, বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠান এসব কলকারখানায় বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছে। প্রতিষ্ঠানগুলো যে ধরনের শিল্পকারখানা স্থাপনের প্রস্তাব দিয়েছে, সেগুলোর সম্ভাব্যতা যাচাই করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

তিনি আরও জানান, পুরো কার্যক্রম স্বচ্ছতার সঙ্গে সম্পন্ন করার ওপর গুরুত্বারোপ করেছেন প্রধানমন্ত্রী। একই সঙ্গে অপ্রয়োজনীয় বিলম্ব এড়িয়ে দ্রুত প্রক্রিয়া শেষ করার নির্দেশও দিয়েছেন তিনি।

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বাণিজ্য, শিল্প এবং পাট ও বস্ত্রমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী শরীফুল আলম, প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর উপস্থিত ছিলেন।

এ ছাড়া বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিব এবং শিল্প মন্ত্রণালয়ের অধীন বিভিন্ন প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারাও সভায় অংশ নেন।