হাছান মাহমুদ ও নওফেলসহ ২২ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি আজ

লালসবুজ ডেস্ক

প্রকাশ: ২২ জুন ২০২৬, ১০:১৮ এএম

ছবি: সংগৃহীত

জুলাই গণঅভ্যুত্থানের সময় চট্টগ্রামে ওয়াসিমসহ ছয়জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদসহ ২২ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন বিষয়ে শুনানি আজ সোমবার অনুষ্ঠিত হবে।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল দুই-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে তিন সদস্যের বিচারিক প্যানেলে এ শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

এর আগে গত চার জুন অভিযোগ গঠন বিষয়ে প্রসিকিউশনের শুনানির দিন নির্ধারিত থাকলেও হাসপাতালে চিকিৎসাধীন এক গ্রেপ্তার আসামিকে আদালতে হাজির করা সম্ভব না হওয়ায় তা পিছিয়ে আজকের দিন নির্ধারণ করা হয়।

ট্রাইব্যুনাল সূত্র জানায়, আজ প্রথমে অভিযোগ গঠনের পক্ষে শুনানি উপস্থাপন করবে প্রসিকিউশন। এরপর আসামিপক্ষের আইনজীবীরা অভিযোগ থেকে অব্যাহতির আবেদন জানিয়ে তাদের বক্তব্য তুলে ধরবেন।

মামলায় বর্তমানে গ্রেপ্তার থাকা পাঁচ আসামি হলেন ফজলে করিম চৌধুরী, আজিজুর রহমান, তৌহিদুল ইসলাম, মো. ফিরোজ এবং দেবাশীষ পাল দেবু।

অন্যদিকে হাছান মাহমুদসহ পলাতক আসামিদের মধ্যে রয়েছেন নওফেল, আ জ ম নাসির উদ্দীন, রেজাউল করিম, মহিউদ্দিন বাচ্চু, হেলাল আকবর, নুরুল আজিম রনি, শৈবাল দাশ সুমন, আবু ছালেক, এসবারুল হক, এইচ এম মিঠু, নূর মোস্তফা টিনু, জমির উদ্দিন, ইমরান হাসান মাহমুদ, জাকারিয়া দস্তগীর, মহিউদ্দিন ফরহাদ ও সুমন দে।

গত তেরো মে পলাতক সতেরো আসামির পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী নিয়োগের নির্দেশ দেয় ট্রাইব্যুনাল। তাদের পক্ষে আইনগত প্রতিনিধিত্ব করছেন আইনজীবী মো. আমির হোসেন, আবুল হাসান, ইশরাত জাহান ও মোহাম্মদ এনাম।

এর আগে গত সাত এপ্রিল তিনটি অভিযোগে ২২ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আমলে নেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল দুই। তার দুই দিন আগে পাঁচ এপ্রিল প্রসিকিউশন আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে।

মামলার প্রথম অভিযোগে ওয়াসিম আকরাম, ফয়সাল আহমেদ শান্ত ও মো. ফারুক হত্যার অভিযোগ আনা হয়েছে। দ্বিতীয় অভিযোগে তানভীর সিদ্দিকী, সায়মন ওরফে মাহিম এবং হৃদয় চন্দ্রকে হত্যার অভিযোগ রয়েছে। তৃতীয় অভিযোগে জাহিদ হাসান, আবদুল কাদের, আছিয়া খাতুন, সানজিদা সুলতানা, আবদুল্লাহসহ শতাধিক ছাত্র জনতাকে গুরুতর আহত করার বিষয় উল্লেখ করা হয়েছে।