মালয়েশিয়া ও চীন সফরে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান

লালসবুজ ডেস্ক

প্রকাশ: ২১ জুন ২০২৬, ০৪:৪৬ পিএম

ছবি: সংগৃহীত

সরকার গঠনের পর প্রথমবারের মতো মালয়েশিয়া ও চীন সফরে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার দুপুর ২টা ৪৫ মিনিটে জাতীয় পতাকাবাহী উড়োজাহাজের একটি ফ্লাইটে তিনি ঢাকা ত্যাগ করেন। সফরসঙ্গী হিসেবে রয়েছেন তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।

প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে সরকারের কয়েকজন মন্ত্রী, উপদেষ্টা, ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা এবং ব্যক্তিগত কর্মকর্তারাও রয়েছেন।

সফরসূচি অনুযায়ী, সন্ধ্যায় মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে পৌঁছাবেন প্রধানমন্ত্রী। পরদিন ২২ জুন দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে আনুষ্ঠানিক বৈঠকে মিলিত হওয়ার কথা রয়েছে। বৈঠকে বাংলাদেশি কর্মীদের জন্য শ্রমবাজার সম্প্রসারণ, দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক জোটে সদস্যপদ লাভ এবং মুক্ত বাণিজ্য চুক্তিসহ বিভিন্ন বিষয় গুরুত্ব পাবে। পাশাপাশি সংস্কৃতি বিনিময় ও পারস্পরিক সহযোগিতা বাড়াতে কয়েকটি চুক্তি স্বাক্ষরিত হতে পারে।

এরপর ২৩ জুন মালয়েশিয়া থেকে সরাসরি চীনের দালিয়ান শহরে যাবেন প্রধানমন্ত্রী। সেখানে বিশ্ব অর্থনৈতিক ফোরামের একটি অনুষ্ঠানে অংশ নেওয়ার পাশাপাশি বিভিন্ন দেশের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠকের সম্ভাবনা রয়েছে।

সফরের অংশ হিসেবে ২৫ জুন চীনের প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে বসবেন তারেক রহমান। এ সময় দুই দেশের মধ্যে ১৩টি সমঝোতা স্মারক এবং ৪টি চুক্তি স্বাক্ষরের কথা রয়েছে।

সফর শেষে আগামী ২৬ জুন রাতে দেশে ফেরার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।