যুক্তরাষ্ট্রের ওপর ‘বাজি’ ধরলে কখনো ‘পস্তাতে হবে না’: রাষ্ট্রদূত

লালসবুজ ডেস্ক

প্রকাশ: ২০ জুন ২০২৬, ০৭:৫২ পিএম

ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রী তারেক রহমানের বহুল আলোচিত চীন সফরকে কেন্দ্র করে আন্তর্জাতিক অঙ্গনে কূটনৈতিক তৎপরতা বেড়েছে। এ প্রেক্ষাপটে ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

শনিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এ বৈঠকের পর গণমাধ্যমকর্মীরা আলোচনার বিষয়বস্তু সম্পর্কে জানতে চাইলে রাষ্ট্রদূত সরাসরি রাজনৈতিক মন্তব্য এড়িয়ে যান। পরিবর্তে তিনি ফুটবল বিশ্বকাপের প্রসঙ্গ তুলে কূটনৈতিক ভঙ্গিতে নিজের বক্তব্য তুলে ধরেন।

সম্প্রতি অস্ট্রেলিয়ার বিপক্ষে জয় পেয়ে বিশ্বকাপের পরবর্তী পর্বে জায়গা নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্র। সেই প্রসঙ্গ টেনে ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন বলেন, তিনি পররাষ্ট্রমন্ত্রীসহ বাংলাদেশের জনগণকে আসন্ন ম্যাচগুলোতে যুক্তরাষ্ট্রকে সমর্থনের আহ্বান জানাতে এসেছেন।

বাংলাদেশের মানুষের ফুটবলপ্রেমের প্রশংসা করে তিনি আরও বলেন, দীর্ঘমেয়াদে যুক্তরাষ্ট্রের ওপর আস্থা রাখলে ভুল হওয়ার সম্ভাবনা নেই।