আগস্টে চালু হবে ঢাকা-পাবনা রুটে সরাসরি ট্রেন: ‎​সেতুমন্ত্রী

লালসবুজ ডেস্ক

প্রকাশ: ২০ জুন ২০২৬, ০৭:৫৫ পিএম

ছবি: সংগৃহীত

আগামী আগস্টের মধ্যেই ঢাকা-পাবনা রুটে সরাসরি ট্রেন চালুর পরিকল্পনার কথা জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী শেখ রবিউল আলম। তিনি বলেন, প্রয়োজনীয় ইঞ্জিন প্রস্তুত রয়েছে এবং নতুন বগি হাতে পেলেই এই রুটে ট্রেন চলাচল শুরু করা হবে।

শনিবার (২০ জুন) পাবনা সার্কিট হাউজ মিলনায়তনে সরকারি কর্মকর্তা ও সুধীজনের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, আগস্টের মধ্যেই ঢাকা-পাবনা রুটে ট্রেন চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। নতুন বগি আগামী মাসেই পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে। বগি হাতে পাওয়ার পর প্রথম পর্যায়ে দুটি নতুন রেলপথে সেবা চালু করা হবে। এর মধ্যে অগ্রাধিকার পাবে ঢাকা-পাবনা রুট, পরে চালু হবে ঢাকা-খুলনা রুট।

তিনি বলেন, খুলনা তার নিজ জেলা হলেও যাত্রীদের দুর্ভোগ বিবেচনায় ঢাকা-পাবনা রুটকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। এ কারণে প্রথমে পাবনার রেলসেবা চালু করা হবে।

পরিবহন খাতে শৃঙ্খলা প্রতিষ্ঠার বিষয়ে মন্ত্রী বলেন, জনস্বার্থ ও জনসেবার জন্য পরিবহন ব্যবস্থাকে সুশৃঙ্খল করা অত্যন্ত জরুরি। এ কাজে মালিক ও শ্রমিক উভয় পক্ষের সহযোগিতা পাচ্ছে সরকার। সংশ্লিষ্ট সব পক্ষকে সঙ্গে নিয়েই পরিবহন খাতে জবাবদিহিতা ও শৃঙ্খলা নিশ্চিত করা হবে বলে জানান তিনি।

তিনি আরও বলেন, দেশের জন্য আন্তর্জাতিক মানসম্পন্ন সমন্বিত যোগাযোগ ব্যবস্থা গড়ে তুলতে সরকার কাজ করছে। সড়ক, রেল ও নৌপথকে একসঙ্গে সমন্বয় করে আধুনিক যোগাযোগ নেটওয়ার্ক গড়ে তোলার পরিকল্পনা বাস্তবায়নের পথে রয়েছে।

পাবনার যোগাযোগ অবকাঠামো উন্নয়নের দাবির বিষয়ে মন্ত্রী জানান, সংশ্লিষ্ট প্রকল্পগুলোর প্রাথমিক কার্যক্রম ইতোমধ্যে শুরু হয়েছে। সম্ভাব্যতা যাচাই ও উন্নয়ন প্রকল্প প্রস্তাব প্রণয়নের কাজ এগিয়ে চলছে। বৃহত্তর জনস্বার্থ বিবেচনায় এসব প্রকল্প বাস্তবায়নে সরকার অগ্রাধিকার দেবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।