চুয়াডাঙ্গায় ট্রেনের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দুধপাতিলা এলাকায় ট্রেনের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার (১৮ জুন) সন্ধ্যার আগে একটি অরক্ষিত রেলক্রসিং পার হওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে।
নিহত দুই যুবকের পরিচয় তাৎক্ষণিকভাবে শনাক্ত করা যায়নি। তাদের পরিচয় নিশ্চিত করতে কাজ করছে পুলিশ।
আহত আব্দুল কাদের (২৫) উপজেলার ডুগডুগী গ্রামের রহিদুল ইসলামের ছেলে। দুর্ঘটনার পর স্থানীয়রা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করেন। পরে তার শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকার জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে পাঠানো হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, তিন আরোহী নিয়ে একটি মোটরসাইকেল দুধপাতিলা গ্রামের অরক্ষিত রেলক্রসিং অতিক্রম করার সময় দ্রুতগতির একটি ট্রেনের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষের তীব্রতায় মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায় এবং কিছু দূর পর্যন্ত ট্রেনের সঙ্গে টেনে নিয়ে যাওয়া হয়। ঘটনাস্থলেই দুই আরোহীর মৃত্যু হয়।
চুয়াডাঙ্গা রেলওয়ে ফাঁড়ি পুলিশের উপপরিদর্শক জগদীশ চন্দ্র বসু বলেন, নিহত দুইজনের পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি। তাদের পরিচয় শনাক্তে পুলিশ কাজ করছে।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক আফরিনা ইসলাম জানান, আহত আব্দুল কাদেরের একটি পা বিচ্ছিন্ন হয়ে গেছে। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।