‘ক্রসফায়ারে’ দুই হত্যা: হাসানাত আবদুল্লাহসহ ৪ জনের বিচার শুরু
বরিশালের আগৈলঝাড়ায় দুইজনকে বিচারবহির্ভূতভাবে হত্যার অভিযোগে দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক সংসদ সদস্য আবুল হাসানাত আবদুল্লাহসহ চার আসামির বিরুদ্ধে বিচারিক কার্যক্রমের নতুন ধাপ আজ থেকে শুরু হচ্ছে।
বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২–এ বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চে মামলাটির শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এদিন রাষ্ট্রপক্ষের সূচনা বক্তব্য উপস্থাপন এবং সাক্ষ্য গ্রহণ শুরু হতে পারে।
রাষ্ট্রপক্ষ জানায়, বিচারিক কার্যক্রমের প্রথম ধাপে ঘটনার বিবরণ ও অভিযোগের ভিত্তিতে সূচনা বক্তব্য উপস্থাপন করা হবে। এরপর পর্যায়ক্রমে সাক্ষীদের জবানবন্দি গ্রহণের মাধ্যমে মামলাটি পরবর্তী ধাপে অগ্রসর হবে।
মামলার চার আসামির মধ্যে বর্তমানে গ্রেপ্তার রয়েছেন উজিরপুর থানার সাবেক সহকারী উপপরিদর্শক মো. মাহাবুল ইসলাম এবং সহকারী উপপরিদর্শক জসিম উদ্দিন। অন্যদিকে পলাতক রয়েছেন বরিশাল-১ আসনের সাবেক সংসদ সদস্য আবুল হাসানাত আবদুল্লাহ এবং বরিশালের সাবেক পুলিশ সুপার এহসান উল্লাহ।
এর আগে গত ২০ মে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল চার আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে বিচার শুরুর নির্দেশ দেন। একই সঙ্গে ১৭ জুন রাষ্ট্রপক্ষের সূচনা বক্তব্য উপস্থাপন ও সাক্ষ্য গ্রহণের দিন নির্ধারণ করা হয়।
মামলার ভুক্তভোগী দুইজন হলেন আগৈলঝাড়া উপজেলা জাতীয়তাবাদী ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক টিপু হাওলাদার এবং উপজেলা জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার সাংগঠনিক সম্পাদক কবির মোল্লা।
রাষ্ট্রপক্ষের অভিযোগ অনুযায়ী, টিপু হাওলাদার ও কবির মোল্লা ছিলেন আবুল হাসানাত আবদুল্লাহর রাজনৈতিক প্রতিপক্ষ। তাদের সরিয়ে দিতে রাষ্ট্রীয় ক্ষমতার অপব্যবহার করে পরিকল্পিত ষড়যন্ত্র করা হয় বলে দাবি করা হয়েছে।
অভিযোগে বলা হয়, ওই পরিকল্পনার অংশ হিসেবে তৎকালীন পুলিশ সুপার এহসান উল্লাহকে নির্দেশনা দেওয়া হয়। পরে ২০১৫ সালের ২০ ফেব্রুয়ারি তাদের একটি মিথ্যা মামলায় গ্রেপ্তার করা হয়। এরপর আগৈলঝাড়া বাইপাস সড়কের পাশে মহাসড়ক এলাকায় বিচারবহির্ভূতভাবে হত্যা করা হয় বলে অভিযোগে উল্লেখ রয়েছে।