চাঁদপুরে লেকের ময়লা থেকে উদ্ধার ৩ বস্তা পবিত্র কোরআন শরীফ! তদন্তে প্রশাসন

লালসবুজ ডেস্ক

প্রকাশ: ০২ জুলাই ২০২৬, ০৫:৪৭ পিএম

ছবি: সংগৃহীত

চাঁদপুর শহরের মিশন রোড এলাকার একটি লেকের ময়লার স্তূপ থেকে তিন বস্তাভর্তি পবিত্র কোরআন শরীফ উদ্ধার করেছে জেলা প্রশাসন। বৃহস্পতিবার সকালে স্থানীয় বাসিন্দাদের দেওয়া তথ্যের ভিত্তিতে প্রশাসনের একটি দল ঘটনাস্থলে গিয়ে পবিত্র গ্রন্থগুলো উদ্ধার করে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, সকালে লেকের পাড়ে ময়লার স্তূপে কয়েকটি পরিত্যক্ত বস্তা দেখতে পান স্থানীয়রা। পরে বস্তাগুলো খুলে ভেতরে পবিত্র কোরআন শরীফ দেখতে পেয়ে তারা দ্রুত প্রশাসনকে বিষয়টি জানান। খবর পেয়ে জেলা প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত হয়ে অত্যন্ত সতর্কতার সঙ্গে তিন বস্তাভর্তি পবিত্র কোরআন শরীফ উদ্ধার করেন।

ঘটনার খবর ছড়িয়ে পড়লে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। এ ঘটনায় স্থানীয় ধর্মপ্রাণ মানুষের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। তবে কে বা কারা এবং কী উদ্দেশ্যে পবিত্র কোরআন শরীফগুলো লেকের ময়লার স্তূপে ফেলে গেছে, সে বিষয়ে এখনো কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।

জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, উদ্ধার করা পবিত্র কোরআন শরীফগুলো যথাযথ ধর্মীয় মর্যাদায় সংরক্ষণের ব্যবস্থা নেওয়া হচ্ছে। একই সঙ্গে ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত এবং ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত শুরু করেছে প্রশাসন।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, ঘটনাটি নাশকতার অংশ নাকি অজ্ঞতাবশত সংঘটিত হয়েছে, তা তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়ার পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।