শুধু ব্রাজিল নয়, নরওয়ের বিপক্ষে কখনো জিততে পারেনি আর্জেন্টিনাও
আইভরি কোস্টকে ২-১ গোলে হারিয়ে বিশ্বকাপের শেষ ষোলো নিশ্চিত করেছে আর্লিং হালান্ড ও মার্টিন ওডেগার্ডের নরওয়ে। শেষ ষোলোর লড়াইয়ে তাদের প্রতিপক্ষ ব্রাজিল। এই সূচি প্রকাশের পরই নরওয়ের বিপক্ষে ব্রাজিলের অতীত পরিসংখ্যান নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে ফুটবল অঙ্গনে।
ইতিহাস বলছে, নিজেদের সমৃদ্ধ ফুটবল ইতিহাসে নরওয়েই একমাত্র দল, যাদের বিপক্ষে এখনো কোনো জয় পায়নি ব্রাজিল। দুই দলের চার দেখায় নরওয়ে জিতেছে দুটি ম্যাচ, বাকি দুটি হয়েছে সমতায়। এর মধ্যে ১৯৯৮ সালের বিশ্বকাপে দুঙ্গা, রোনালদো ও বেবেতোদের ব্রাজিলকে ২-১ গোলে হারিয়ে চমক দেখিয়েছিল নরওয়ে।
তবে এই পরিসংখ্যান দেখে আর্জেন্টিনার সমর্থকদের উচ্ছ্বসিত হওয়ার সুযোগও খুব বেশি নেই। কারণ নরওয়ের বিপক্ষে আর্জেন্টিনার রেকর্ড আরও হতাশার। দুই দলের দুই দেখাতেই হেরেছে আর্জেন্টিনা। একটি ১৯৮৬ সালে দিয়েগো ম্যারাডোনার নেতৃত্বে, অন্যটি ২০০৭ সালে লিওনেল মেসির আন্তর্জাতিক ক্যারিয়ারের শুরুর দিকে।
শুধু নরওয়েই নয়, আরও পাঁচটি দেশের বিপক্ষেও এখনো জয় পায়নি আর্জেন্টিনা। দলগুলো হলো বেলারুশ, ক্যামেরুন, চীন, ডেনমার্ক ও লিথুয়ানিয়া।
আগামী রোববার (৫ জুলাই) রাতে নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে ব্রাজিলের মুখোমুখি হবে নরওয়ে। নিজেদের নিজ নিজ ম্যাচে জয় পেলে সেমিফাইনালে নরওয়ের প্রতিপক্ষ হতে পারে আর্জেন্টিনা।