লেবানন থেকে সেনা প্রত্যাহার করবে না ইসরায়েল: নেতানিয়াহু

লালসবুজ ডেস্ক

প্রকাশ: ২২ জুন ২০২৬, ১০:০৮ এএম

ছবি: সংগৃহীত

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানিয়েছেন, দক্ষিণ লেবাননের সীমান্তবর্তী নিরাপত্তা এলাকা থেকে ইসরায়েলি সেনা আপাতত প্রত্যাহার করা হবে না। তার ভাষায়, যত দিন প্রয়োজন হবে তত দিন সেখানে সেনা মোতায়েন রাখা হবে।

রোববার এক স্মরণসভায় তিনি এ মন্তব্য করেন। নেতানিয়াহু দাবি করেন, ইসরায়েলের নিরাপত্তার জন্য হুমকি হিসেবে বিবেচিত গোষ্ঠীগুলোর ওপর চাপ অব্যাহত রাখা হবে।

তিনি আরও বলেন, চলমান কূটনৈতিক আলোচনার ফল যাই হোক না কেন, ইরানকে কোনোভাবেই পারমাণবিক অস্ত্র অর্জন করতে দেওয়া হবে না। গত এক বছরে ইরানের বিরুদ্ধে ইসরায়েলের সামরিক অভিযানকে তিনি দেশের নিরাপত্তার জন্য জরুরি পদক্ষেপ হিসেবে উল্লেখ করেন।

এর আগে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজও একই অবস্থান জানান। তিনি বলেন, সীমান্তবর্তী নিরাপত্তা এলাকা থেকে সেনা প্রত্যাহার করা হবে না এবং সম্ভাব্য হুমকি মোকাবিলায় সামরিক অভিযান অব্যাহত থাকবে।

অন্যদিকে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ অভিযোগ করেছে, ইসরায়েল যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করছে। তারা লেবাননের ভূখণ্ড থেকে ইসরায়েলি সেনাদের সম্পূর্ণ প্রত্যাহারের দাবি জানিয়েছে।